২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফারুক হত্যায় ১ জনের ফাঁসি

লালবাগ ওয়াসার কর্মচারী  ফারুকুল ইসলাম ফারককে (৩৮) হত্যা মামলায় অভিযুক্তদের একজনের ফাঁসি এবং অপর দুইজনকে কারাদণ্ড দিয়েছে ঢাকার একটি আদালত। 

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2014, 10:50 PM

Updated : 22 Aug 2022, 06:33 PM

সোমবার ঢাকার তিন নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এবিএম সাজেদুর রহমান ফারুক হত্যা মামলায় চার আসামির মধ্যে ওয়াহিদুজ্জামান রনির ফাঁসির আদেশ দেন।

রায়ের বিষয়টি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে  জানান সংশ্লিষ্ট ট্রাইবুনালের রাষ্ট্রপক্ষের বিশেষ পাবলিক প্রসিকিউটর মো. মাহবুবুর রহমান।

বাকি তিন আসামির মধ্যে রনির শ্যালিকা নুসরাত জাহান নুপুরের যাবজ্জীবন কারাদণ্ড এবং অতিরিক্ত ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ১ বছর কারাদণ্ডের নির্দেশ দেন বিচারক।

এছাড়া তারিকুল ইসলাম তারিককে ৭ বছরের কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ড দেয়া হয়।

এই মামলার অপর আসামি রুবিয়া বেগমকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় বেকসুর খালাস দেওয়া হয়েছে।

রায় দেয়ার পর আসামি রনিকে সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে। অপর আসামিরা পলাতক রয়েছেন।

রায়ের বিবরণে জানা যায়, ফারুকের বাড়ি ছিল নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে।

পূর্ব পরিচয়ের সূত্র ধরে আসামি ওয়াহিদুজ্জামান রনি তার শ্যালিকা নুসরাত জাহান নুপুরের সঙ্গে নিহত ফারুকুল ইসলাম ফারুকের বিয়ের কথা বলে বিভিন্ন সময় ৮ লাখ টাকা হাতিয়ে নেন।

সে সময়টায় আসামি নুসরাত জাহান নুপুর ফারুকের সঙ্গে প্রেমের অভিনয় করেন।

পরে  ফারুক প্রতারণার কথা বুঝতে পেরে তার দেওয়া টাকা ফেরত চাইলে তাদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।

এরই এক পর্যায়ে ২০০৮ সালের ২৫ ফেব্রুয়ারি ফারুককে তাদের খিলগাঁও থানার গোড়ান টেম্পোস্ট্যান্ডের একটি বাসায় ডেকে নিয়ে হত্যা করেন আসামিরা।

এরপর তার লাশ দ্বিখন্ডিত করে লাশের নিচের অংশ মতিঝিল থানাধীন ইন্দ্রপুরী রেললাইনের ওপর ফেলে রাখেন।

লাশের ওপরের অংশ সবুজবাগ থানার কদমতলী ওয়াসা রোডের নির্মাণাধীন একটি বাড়িতে রেখে গুম করার চেষ্টা করেন।

এই ঘটনায় মতিঝিল থানার এসআই জালাল উদ্দিন বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

ঘটনাটি তদন্ত করে ২০০৯ সালের ১১ ফেব্রুয়ারি আসামিদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে পুলিশ।

বিচারকালে রাষ্ট্রপক্ষের  ৩২ সাক্ষীর মধ্যে ২১ জনের সাক্ষ্য নেয়া হয়।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পিপি মাহবুবুর রহমান। আসামিপক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী ফারুক আহম্মেদ।