২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আওয়ামী লীগের কর্মসূচি, তাই গাড়ি ‘ঢোকা বন্ধ’

দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সমাবেশের সময় মৎস্য ভবন থেকে শাহবাগ পর্যন্ত সড়কে গাড়ি চলাচল বন্ধের ‘নির্দেশ’ দেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2014, 09:24 PM

Updated : 13 Oct 2022, 12:16 PM

পুরনো খবর:

যানজটে থমকে রাজধানী

সোমবার বিকালে এই সমাবেশের পরে শোভাযাত্রা বের হয়, যা ধানমণ্ডি গিয়ে শেষ হয়।

সকাল থেকে বৃষ্টির জন্য রাজধানীতে এমনিতেই যানজট ছিল। অফিস ছুটির পর ব্যস্ততম সড়কে গাড়ি চলাচল বন্ধ থাকায় ব্যাপক যানজট সারা ঢাকায় ছড়িয়ে পড়ে।

সমাবেশ চলার সময় মঞ্চ থেকে ঢাকা মহানগর আওয়ামী লীগ নেতা শাহ আলম মুরাদকে মাইকে  দলীয় কর্মীদের নির্দেশ দিতে শোনা যায়, “এখানকার সব রাস্তায় যান চলাচল বন্ধ করে দিন।”

তিনি সমাবেশস্থলে উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশেও বলেন, “আমাদের প্রোগ্রাম হবে। শাহবাগ আর মৎস্য ভবন থেকে কোনো গাড়ি এই এলাকায় প্রবেশ করতে দেবেন না।”  

সমাবেশের আগে থেকেও বিভিন্ন ওয়ার্ড থেকে আওয়ামী লীগের মিছিল আসার সময় গাড়ি চলাচল ব্যাহত হয়, যাকেও যানজটের জন্য দায়ী করেন পুলিশ কর্মকর্তারা।

ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক কন্ট্রোল রুম থেকে বলা হয়, দুই কারণে যানজট পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এর মধ্যে বৃষ্টি একটি এবং আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা একটি।

Image
ছবি: আসাদুজ্জামান প্রামানিক/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ছবি: আসাদুজ্জামান প্রামানিক/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

“এসব পরিস্থিতিতে পুলিশের করার কিছুই থাকে না,” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন ট্রাফিক কন্ট্রোল রুমে দায়িত্বরত এক পুলিশ কর্মকর্তা।

সমাবেশ ও শোভাযাত্রার কারণে যানজটে নগরবাসীর দুর্ভোগের জন্য অবশ্য দুঃখ প্রকাশ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি, যিনি নিজেও সমাবেশে ছিলেন।

তিনি সোমবার রাতে সংসদে দাঁড়িয়ে বলেন, “আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে অনুষ্ঠান হয়েছে, র‌্যালি হয়েছে। মানুষ হাত নেড়ে আমাদের অভিনন্দন জানিয়েছেন। তাদের প্রতি কৃতজ্ঞতা।

“যানজটে যারা কষ্ট পেয়েছেন, তাদের প্রতি আন্তরিক দুঃখ প্রকাশ করছি।” 

সোমবার সকাল থেকে  বৃষ্টিতে বিভিন্ন সড়কে পানি জমে যাওয়ায় সড়কগুলোতে যানবাহন চলাচলের গতি ছিল বেশ ধীর। সড়কে গাড়ি বিকল হয়ে যানজটও তৈরি হচ্ছিল।  

আওয়ামী লীগের শোভাযাত্রার পর সন্ধ্যা নাগাদ গুরুত্বপূর্ণ প্রায় সব সড়কে গাড়ির  দীর্ঘ লাইন দেখা যায়।

ট্রাফিক কন্ট্রোল রুমের অপারেটর জহুরা আকতার কাজল সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঢাকায় গাড়ি ঢোকা প্রায় বন্ধ হয়ে গেছে। রাজধানীর বাইরেও গাড়ি যেতে পারছে না। এ অবস্থা চলছে প্রায় চার ঘণ্টা ধরে।”