যানজটে থমকে রাজধানী
বৃষ্টি এবং আওয়ামী লীগের শোভাযাত্রার পর ব্যাপক যানজটে প্রায় স্থবির হয়ে পড়েছে রাজধানীর সড়কগুলো।
সোমবার বিকালের পর থেকে সড়কগুলোতে যানচলাচলের গতি বেশ ধীর। সন্ধ্যা নাগাদ গুরুত্বপূর্ণ প্রায় সব সড়কে গাড়ির দীর্ঘ লাইন দেখা যাচ্ছে।
কন্ট্রোল রুমের অপারেটর জহুরা আকতার কাজল সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঢাকায় গাড়ি ঢোকা প্রায় বন্ধ হয়ে গেছে। রাজধানীর বাইরেও গাড়ি যেতে পারছে না। এ অবস্থা চলছে প্রায় চার ঘণ্টা ধরে।”
ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক কন্ট্রোল রুম বলছে, দুই কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এর মধ্যে বৃষ্টি একটি এবং ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা একটি।
সকাল থেকে বৃষ্টিতে বিভিন্ন সড়কে পানি জমে চলাচলের পথ সঙ্কুচিত হয়ে পড়েছে, পাশাপাশি বিভিন্ন স্থানে গাড়ি বিকল হয়েও যানজট তৈরি করছে।
এর মধ্যেই বিকালে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে শোভাযাত্রা শুরু হয়ে শাহবাগ হয়ে তা ধানমণ্ডিতে যায়। শোভাযাত্রার সময় সড়কে গাড়ি চলাচল বন্ধ করে দেয় দলের কর্মীরা।
এছাড়া শোভাযাত্রায় অংশ নিতে নগরীর বিভিন্ন স্থান থেকে দুপুর থেকেই নেতা-কর্মীরা মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে রওনা হলে তাও যানজট তৈরি করে।
“এসব পরিস্থিতিতে পুলিশের করার কিছুই থাকে না”, বলেন ট্রাফিক কন্ট্রোল রুমে দায়িত্বরত এক পুলিশ কর্মকর্তা।
