রাবিতে চাকরি সপ্তাহ শুরু
ক্যারিয়ার ক্লাবের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সোমবার ‘চাকরি সপ্তাহ’ শুরু হয়েছে, চলবে আগামী শুক্রবার পর্যন্ত।
সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র কলা ভবনের সামনে কেক কেটে ক্যারিয়ার উইক অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানে অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ছাদেকুল আরেফিন মাতিন, ক্লাবের উপদেষ্টা মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক মাজেদুল ইসলাম প্রমুখ।
ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে আয়োজিত সপ্তাহব্যাপী এ অনুষ্ঠানের মিডিয়া পার্টনার হচ্ছে অনলাইন সংবাদপত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
উদ্বোধন পর্ব শেষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে রবীন্দ্র কলাভবনের সামনে গিয়ে শেষ হয়।
ক্লাবের ইমরুল কবির খানের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে ছাদেকুল আরেফিন বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এটি একটি প্রশংসনীয় উদ্যোগ। এই চাকরি সপ্তাহের বিভিন্ন কর্মশালা ও সেমিনারের মাধ্যমে রাবির শিক্ষার্থীরা চাকরি প্রতিযোগিতায় নিজেদেরকে প্রস্তুত করতে সমর্থ হবেন।
আয়োজকরা জানান, অনুষ্ঠানের কর্মসূচির মধ্যে রয়েছে র্যালি, সেমিনার, প্রেজেন্টেশন কম্পিটিশন, বিজনেস অ্যান্ড সোস্যাল কম্পিটিশন, এক্সক্লুসিভ ওয়ার্কশপ, কুইজ কম্পিটিশন এবং বিভিন্ন করপোরেট হাউজের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব।
সোমবার কাজী নজরুল ইসলাম মিলনায়তনে নতুন বিসিএস পরীক্ষা, ব্যাংক জব প্রস্তুতি এবং বিদেশে উচ্চশিক্ষা বিষয়ের উপর সেমিনার অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার বিকাল ৪টায় ডিনস কমপ্লেক্স কনফারেন্স রুমে ‘ওয়ার্ক শপ অন ক্যারিয়ার অপরচুনিটি ইন বায়োলজিক্যাল অ্যান্ড ফার্মাসিটিক্যাল সেক্টর’, বুধবার এক্সক্লুসিভ ওয়ার্কশপ অন রোড টু জব মার্কেট, একই দিন স্পোকোন ও রিটেন ইংলিশ এবং মটিভেশনাল ট্রেনিং।
বৃহস্পতিবার বিকাল ৩টায় কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ‘প্রিপেয়ারিং ইউরসেলফ ফর দা লোকাল অ্যান্ড গ্লোবাল জব মার্কেট’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে।
শুক্রবার সাড়ে ৯টায় সিনেট ভবনে বিভিন্ন কর্পোরেট হাউসের উচ্চ পদস্থ কর্মকর্তাদের সঙ্গে শিক্ষার্থীদের মুক্ত আলোচনা এবং প্রশ্ন-উত্তর পর্ব অনুষ্ঠিত হবে।
ওইদিন বিকাল ৩টায় কাজী নজরুল ইসলাম মিলনায়তনে সমাপনী অনুষ্ঠান, আলোচনা সভা, পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ক্যারিয়ার উইক শেষ হবে।
