২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলার আসামির মৃত্যু

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামির মৃত্যু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2014, 05:01 PM

Updated : 25 Apr 2022, 04:21 PM

সোমবার সকালে আল আমিন (৩৬) নামের ওই আসামি হাসপাতালে ৭০২ নম্বর কক্ষে মারা যায় বলে হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক জানিয়েছেন।

আল আমিন গাজীপুরের আওয়ামী লীগের সংসদ সদস্য আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলার মৃত্যদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন বলে জানিয়েছেন উপ-কারা মহাপরিদর্শক গোলাম হায়দার।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “২১ জুন আল আমিনকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়। তার নানা ধরনের শারীরিক সমস্যা ছিল।”

আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলার বাদি তার ছোট ভাই মতিউর রহমান জানিয়েছেন, তার করা মামলায় আল আমিন নামে একজন আসমি ছিল, যাকে মৃত্যুদণ্ড দিয়েছিল আদালত।

তিনি বলেন, “আমিও জানতে পেরেছি ভাইকে হত্যায় জড়িত মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আল আমিন মারা গেছে।”

আল আমিনকে ২০০৬ সালে মানিকগঞ্জ থেকে গ্রেপ্তার করে পুলিশ।

এই মামলায় ৩০ জন আসামি ছিলেন। এদের মধ্যে ২২ জনকে মৃত্যুদণ্ড, ৬ জনকে যাবজ্জীবন ও ২ জনকে খালাস দিয়েছিল আদালত। আসামিদের মধ্যে ১১ জন পলাতক।

২০০৪ সালের ৭ মে টঙ্গীর নোয়াগাঁও এম এ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন চলাকালে দুর্বৃত্তের গুলিতে নিহত হন আহসান উল্লাহ মাস্টার।