২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বৈরী আবহাওয়ায়’ চবিতে আগাম ছুটি

‘বৈরী আবহাওয়ার’ কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বর্ষাকালীন ও রোজার ছুটি চার দিন এগিয়ে আনা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2014, 04:34 PM

Updated : 22 Aug 2022, 06:33 PM

সোমবার বেলা ৩টায় চবি প্রক্টর সিরাজ উদ দৌলাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগামী ২৮ জুন থেকে রমজানের ছুটি হওয়ার কথা ছিল। গত কয়দিনের প্রবল বৃষ্টিতে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছিল।

“অনেক শিক্ষার্থী ক্লাশ-পরীক্ষায় আসতে পারেনি। তাই ছুটি ২৮ জুনের পরিবর্তে ২৪ জুন থেকে শুরু হবে। তবে পূর্বনির্ধারিত পরীক্ষা চলবে।”

আগামী ৭ অগাস্ট পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে বলে চবি রেজিস্ট্রার কার্যালয় সূত্রে জানা গেছে।

এদিকে বন্ধ ঘোষণার আগে উপাচার্যের কার্যালয়ে সদ্যবিলুপ্ত ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় শাখা কমিটির দু’পক্ষের মধ্যে বাক বিতণ্ডার ঘটনা ঘটে।

চবি ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সহ-সভাপতি অমিত কুমার বসু ও যুগ্ম সম্পাদক সুমন মামুন পক্ষের সঙ্গে সহ-সভাপতি সাব্বির আহমেদ ও সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম পক্ষের দ্বন্দ্ব চলছে।

কমিটি বিলুপ্তির পর থেকে অমিত-মামুন পক্ষের অনুসরারীরা ক্যাম্পাসে ছিল না। সোমবার সকালে তারা সংঘবদ্ধ হয়ে ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে পুলিশের সঙ্গে কিছুক্ষণ ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।

উপাচার্য কার্যালয়ে বিতণ্ডার বিষয়ে প্রক্টর সিরাজ উদ দৌলাহ বলেন, এ ধরণের কিছু হয়নি। মিথ্যা ও দুরভিসন্ধিমূলক তথ্য আপনাদের দেয়া হয়েছে। কয়েকজন শিক্ষার্থী নানা কারণে ক্লাশ-পরীক্ষায় অংশ নিতে পারছেন না বলে জানান। তারাই উপাচার্য কার্যালয়ে আলোচনায় আসে। অন্য কেউ আসেনি।

অমিত কুমার বসু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ক্যাম্পাসে ঢুকতে না পারা শিক্ষার্থীরা উপাচার্যের সঙ্গে আলোচনায় গেলে অন্য পক্ষ বাধা দেয়ার চেষ্টা করে। প্রশাসন সাধারণ শিক্ষার্থীদের কথা বিবেচনা না করেই ছুটি ঘোষণা করেছে।

আরিফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুর্যোগের কারণে ছুটি দেয়া হয়েছে বলে কর্তৃপক্ষ ‍জানিয়েছে। অন্য পক্ষের কিছু লোকজন উপাচার্যের সঙ্গে দেখা করতে গেলে আমাদের লোকজনও যায়। তবে সেখানে আর কিছু হয়নি।

এর আগে সকাল ১১টার দিকে ক্যাম্পাসের দুই নম্বর গেট এলাকায় অভিযানে একটি ভবনের সিঁড়ির কাছ থেকে পরিত্যক্ত একটি আগ্নেয়াস্ত্র ও দুটি রামদা উদ্ধার করে পুলিশ।

হাটহাজারী থানার ওসি ইসমাইল হোসেন বলেন, সকালে কয়েকটি দল অভিযান চালিয়ে একটি এলজি উদ্ধার করে। ক্যাম্পাসে পুলিশ মোতায়েন আছে।

গত ১০ জুন ছাত্রলীগের বগিভিত্তিক দুটি সংগঠনের অনুসারীদের মধ্যে সংঘর্ষে তিন জন আহত হওয়ার পর ওইদিন বিকালেই কেন্দ্রীয় ছাত্রলীগের পক্ষ থেকে চবি ছাত্রলীগের কমিটি বিলুপ্তির ঘোষণা দেয়া হয়।

২০১১ সালের ২৫ জুন চবি ছাত্রলীগের সর্বশেষ কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ। এতে মামুনুল হককে সভাপতি ও এস এম খালেদকে সাধারণ সম্পাদক করা হয়। এর ছয় মাস পর থেকেই শুরু হয় অন্তর্কোন্দল।

সর্বশেষ এই বছরের গত ৫ এপ্রিল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সদস্য নাসির হায়দার চৌধুরী বাবুল ক্যাম্পাসে একটি অনুষ্ঠানে যোগ দিতে এসে ছাত্রলীগের একাংশের হাতে লাঞ্ছিত হন।

এরপর ঘটনায় জড়িতদের শাস্তি এবং প্রক্টরের পদত্যাগসহ সাত দফা দাবিতে গত ৭ মে থেকে ক্যাম্পাসে অবরোধ ডাকে নাসির হায়দারের অনুসারীরা ছাত্রলীগের অমিত-মামুন পক্ষের নেতাকর্মীরা।

এক সপ্তাহ পর কর্তৃপক্ষের আশ্বাসে অবরোধ তুলে নেয়া হয়। এরপর কেন্দ্রীয় ছাত্রলীগের প্রতিনিধিরা চট্টগ্রাম সফরে চবি ছাত্রলীগের বিষয়ে নগর আওয়ামী লীগের নেতাদের সঙ্গে বৈঠক করেন।

পরে ১০ জুন কমিটি বিলুপ্তির ঘোষণার সাথে সংগঠনের সব ধরণের কার্যক্রমও স্থগিত করা হয়।