ব্রাজিলেই সমর্থন শীর্ষ ছাত্রনেতাদের
শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংগঠনগুলোর দ্বন্দ্ব-হানাহানি নিয়মিত খবরের শিরোনাম হলেও ক্রিয়াশীল আট ছাত্র সংগঠনের সভাপতিদের মধ্যে বিশ্বকাপ ফুটবলে ব্রাজিল সমর্থনে একাট্টা হয়েছেন ছয়জন, যাদের মধ্যে ছাত্রলীগ ও ছাত্রদলের সভাপতিও রয়েছেন।
অন্য সভাপতিদের মধ্যে একজন ফ্রান্স এবং একজন ভালো খেলার সমর্থক।
আর সাধারণ সম্পাদকদের মধ্যে সর্বাধিক তিনজন আর্জেন্টিনার সমর্থক। ব্রাজিল সমর্থনেও রয়েছেন একজন। বাকীদের মধ্যে দুইজন ভালো খেলার, একজন হন্ডুরাসের ও একজন স্পেনের সমর্থক।
ব্রাজিল সমর্থক সভাপতিরা হলেন- ছাত্রলীগের এইচ এম বদিউজ্জামান সোহাগ, ছাত্রদলের আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, বাংলাদেশ ছাত্রমৈত্রীর বাপ্পাদিত্য বসু, জাসদ ছাত্রলীগের শামসুল ইসলাম সুমন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের (খালেকুজ্জামান) জনার্দন দত্ত নান্টু, ছাত্রফ্রন্টের অপর অংশের (মুবিনুল-শুভ্রাংশু) সাইফুজ্জামান সাকন।
সভাপতিদের মধ্যে ছাত্র ইউনিয়নের হাসান তারেকের সমর্থন সুনির্দিষ্ট কোনো দলের প্রতি নয়। তিনি যে কোনো দলের ভালো খেলার সমর্থক। সুনির্দিষ্ট কোনো দলকে সমর্থন না করার ক্ষেত্রে সভাপতির সঙ্গে একমত ঐতিহ্যবাহী এই ছাত্রসংগঠনের সাধারণ সম্পাদক লাকি আক্তারও।
বিশ্বকাপ ফুটবলের আসর বসার আগে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শোভাযাত্রায় এক ব্রাজিল সমর্থক। ছবি: আসাদুজ্জামান প্রামানিক/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
অন্যদিকে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি প্রবীর সাহার সমর্থন ফ্রান্সের প্রতি।
আর্জেন্টিনা সমর্থক সাধারণ সম্পদকদের মধ্যে রয়েছেন- ছাত্রলীগের সিদ্দিকী নাজমুল আলম, ছাত্রমৈত্রীর তানভীর রুসমত, জাসদ ছাত্রলীগের শাহজাহান আলী সাজু।
সভাপতির দল সমর্থনকারী একমাত্র সাধরাণ সম্পাদক হচ্ছেন- ছাত্রদলের হাবিবুর রশিদ হাবিব।সভাপতির মতো তিনিও ব্রাজিল সমর্থক।
বিশ্বকাপ সমর্থনে ‘মূল ধারার’ বাইরে গিয়ে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি প্রবীর সাহা ফ্রান্সের এবং সাধারণ সম্পাদক সৈকত মল্লিক হন্ডুরাসের সমর্থক। ছাত্রনেতা মল্লিকের দ্বিতীয় সমর্থন অবশ্য ব্রাজিলের প্রতি।
ব্রাজিলকে দ্বিতীয় স্থানে রেখে সমর্থনে প্রথম অবস্থানে স্পেনকে রেখেছেন ছাত্রফ্রন্টের (মুবিনুল-শুভ্রাংশু) সাধারণ সম্পাদক স্নেহার্দী চক্রবর্তী রিন্টু। মল্লিক ও রিন্টু উভয়ে এক সময় ব্রাজিলের সমর্থন করতেন।
ছাত্রলীগ সভাপতি সোহাগ বলেন, “আমি ব্রাজিল ফুটবলের সমর্থক। নানা ব্যস্ততায় এবার সব খেলা দেখা হয় না। তবে ব্রাজিলের খেলা অবশ্যই দেখি।
“ব্রাজিলের খেলা অনেক রাতে হওয়ায় তাদের খেলা দেখতে কোন সমস্যা হয় না।”
অন্যদিকে ছাত্রলীগ সাধারণ সম্পাদক নাজমুল বলেন, “আমি যখন থেকে ফুটবল খেলা বুঝতে শিখেছি, তখন থেকেই আর্জেন্টিনার সমর্থক। ভবিষ্যতেও তাদের সমর্থন করে যাবো।
“হারলেও আর্জেন্টিনা, জিতলেও আর্জেন্টিনা।”
ছাত্রদল সভাপতি আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল বলেন, “ব্রাজিলের এবারের টিম ইয়াং এবং অনেক প্রতিভাবান। যদিও নতুন অনেক টিম ভালো করছে, তবে এরপরও আশা করছি, ব্রাজিলই এবারের শিরোপা জিতবে।”
ভালো খেলার সমর্থক বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি হাসান তারেক বলেন, “যাদের উপরে মুল ফোকাস তারা প্রত্যাশিত ফল করতে পারে না। অন্যান্য দুর্বল দল অপেক্ষাকৃত ভালো খেলছে। আমি ভালো খেলার সমর্থক। ভালো খেলার জয় হক।”
ছাত্রমৈত্রী সভাপতি বাপ্পাদিত্য বসু বলেন, “১৯৯০ সালের দিকে আমার খেলা দেখা শুরু। টুকটাক তখন যা বুঝতাম, তখন থেকেই ব্রাজিলের খেলা ভালো লাগে। খেলার মধ্যেও যে শিল্প ও ছন্দ আছে তা ব্রাজিল দলেরই আছে।
“যদিও মাঝে ব্রাজিলের কোচ দুঙ্গা আসার পরে কিছুটা ছন্দ হারিয়ে ফেলেছিল। তবে স্কলারি দায়িত্ব নেয়ার পর ছন্দ আবার ফিরে এসেছে।”
খেলা দেখা দৈনন্দিন কার্যক্রমে প্রভাব ফেলছে বলে জানান তিনি।
“খেলা দেখার জন্য এখন প্রতিদিন তাড়াতাড়ি বাড়ি ফিরি বা দেরি করে বের হই,” বলেন তিনি।
একই সংগঠনের সাধারণ সম্পাদক তানভীর রুসমতের মতে, বিশ্বের সেরা খেলোয়াড় লিওনেল মেসি।
“তিনি খেলছেন আর্জেন্টিনার হয়ে। মেসি যদি তার ঝলক দেখাতে পারে তাহলে আর্জেন্টিনা তৃতীয়বারের মতো শিরোপা জিতবে,” আশা তানভীরের।
বিশ্বকাপ ফুটবলের আসর বসার আগে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে ফুটবলপ্রেমীরা। ছবি: আসাদুজ্জামান প্রামানিক/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
১৯৯৮ সালের বিশ্বকাপ থেকে ফ্রান্সের সমর্থন করেন ছাত্র ফেডারেশন সভাপতি প্রবীর সাহা।
তবে এই সংগঠনের সাধারণ সম্পাদক সৈকত মল্লিক এক সময় ব্রাজিলের সমর্থন করতেন। তবে এবার সমর্থনে এগিয়ে রেখেছেন হন্ডুরাসকে। পছন্দের তালিকায় ব্রাজিলের অবস্থান তারপরে।
“ব্রাজিলের ফুটবল খেলা আমার ভালো লাগে। তবে ব্রাজিলের আন্দোলনকারী মানুষের প্রতিও আমার সংহতি রয়েছে,” বলেন তিনি।
জাসদ ছাত্রলীগ সভাপতি শামসুল ইসলাম সুমন বলেন, “ছন্দময় ফুটবল এনেছে ব্রাজিল। তারা ফুটবলে শিল্প উপস্থাপন করে। ফুটবলের রাজা পেলের ব্রাজিল সবচেয়ে বেশিবার কাপ পেয়েছে। আমি তাই ব্রাজিলের সমর্থক।”
ছাত্রফ্রন্টের (একাংশ) সভাপতি জনার্দন দত্ত নান্টু বলেন, “কালো মানিক পেলেকে নিয়ে ছোট বেলায় পাঠ্যবইতে একটা গল্প পড়ে ছিলাম, সেই থেকেই আমি ব্রাজিলের সমর্থক। বন্ধুরাও ছিল ব্রাজিলের সমর্থক।”
তবে ব্রাজিলের দুটো খেলা দেখে দলটি বেশিদূর যেতে পারবে না বলে মনে হচ্ছে তার।
ছাত্রফ্রন্ট সাধারণ সম্পাদক (একাংশ) স্নেহার্দী চক্রবর্তী রিন্টু জানান, এক সময় ব্রাজিলই সমর্থন করতেন। তবে তিনি এখন মূলত বার্সেলোনার সমর্থক। সে সূত্রে দেশ হিসাবে স্পেনকে ভালো লাগে। তারা তো বিদায় নিয়েছে। এখন দ্বিতীয় পছন্দ ব্রাজিল।
