সিলেটে জামায়াতের হরতালে গাড়ি ভাংচুর
সিলেটে জামায়াতে ইসলামীর ডাকা আধা বেলা হরতালে গাড়ি ভাংচুর ও হাতবোমার বিস্ফোরণ ঘটিয়েছে হরতাল সমর্থকরা।
সকাল সাড়ে ৯টায় মদিনা মার্কেট এলাকায় অন্তত ১০টি গাড়ি ভাংচুর করে শিবিরকর্মীরা। এসময় তারা কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটায়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, পাঠানটুলা লতিফ মঞ্জিলের সামনে থেকে বের হওয়া জামায়াত-শিবিরের একটি মিছিল মদিনা মার্কেট এলাকায় পৌঁছলে গাড়ি ভাংচুর শুরু করে তারা।
এসময় হরতাল সমর্থকরা ৮টি অটোরিকশা ও দুটি হিউম্যান হলার ভাংচুর করে।
হরতালে নগরীতে অটোরিকশা ও রিকশাসহ হালকা যান চলাচল করেছে। তবে দোকানপাট বন্ধ ছিল।
সকালে সিলেট থেকে ছেড়ে যায়নি দুরপাল্লার বাস। তবে ট্রেন যথাসময়ে ছেড়ে গেছে বলে জানিয়েছেন সিলেট রেলওয়ে স্টেশনের ম্যানেজার আবুল কালাম আজাদ।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার রহমত উল্লাহ জানান, বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া হরতাল শান্তিপুর্ণভাবে পালিত হয়েছে। নগরবাসীর নিরাপত্তায় অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল।
পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাংচুরের মামলায় শনিবার নগরীর উপশহর পয়েন্ট থেকে ফখরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
