২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পানির জন্য রাবির ছাত্রীহলে বিক্ষোভ

এক সপ্তাহ ধরে পানি সমস্যা সমাধানে কর্তৃপক্ষ ব্যবস্থা না নেয়ায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি ছাত্রীহলের শিক্ষার্থীরা বিক্ষোভ ও ভাংচুর করেছেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2014, 11:45 AM

Updated : 25 Apr 2022, 04:21 PM

রোববার রাত সাড়ে ১২টার দিকে তাপসী রাবেয়া ছাত্রীহলে বিক্ষোভ শুরু হয়। ক্ষুব্ধ ছাত্রীরা হল কর্মকর্তাদের তালাবদ্ধ কক্ষের জানালা ও নামফলক ভাংচুর করেন।

পরে আবাসিক শিক্ষক ও বিশ্ববিদ্যালয় কর্মকর্তারা গিয়ে পানি সমস্যা সমাধানের আশ্বাস দিলে রাত দেড়টার দিকে পরিস্থিতি শান্ত হয়।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, হলের ‘গ’ ব্লকে দীর্ঘদিন ধরে পানির জন্য তাদের ভোগান্তি পোহাতে হচ্ছে। কয়েকদিন পর পর ওই ব্লকে পানির লাইন নষ্ট হয়। গত এক সপ্তাহ ধরে প্রায়ই পানি থাকে না। রোববার বিকালের পর থেকে হলে পানি নেই।

তাদের অভিযোগ, হল কর্তৃপক্ষকে জানানোর পরও তারা সমস্যা সমাধানে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি।

হলের প্রাধ্যক্ষ নাসিমা আখতার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হলের ওই ব্লকে কয়েকদিন ধরে পানির সমস্যা হচ্ছে। ছাত্রীদের শান্ত হতে বলা হয়েছে।”

সোমবার সকালের মধ্যে সমস্যা সমাধানে ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তারিকুল হাসান মিলন বলেন, “আমরা বিষয়টি শুনেছি। সোমবার এ ব্যপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।”