২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদেশি আম আনতে ‘ফরমালিন অভিযান’: খালেদা

ফরমালিনবিরোধী অভিযানে আম ধ্বংস করার সমালোচনা করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2014, 10:12 PM

Updated : 22 Aug 2022, 06:33 PM

বিদেশি আম আমদানির জন্য এভাবে আম নষ্ট করা হচ্ছে বলে অভিযোগ তার।

রোববার জয়পুরহাটে এক জনসভায় খালেদা বলেন, “ফরমালিন আছে বলে অভিযান চালিয়ে আজ আম নষ্ট করা হচ্ছে, এটা কেন?

“রাজশাহী ও দিনাজপুরে আমের ব্যাপক ফলন হয়। আজ ওই সব আম নষ্ট করা হচ্ছে। আমরা মনে করি, বিদেশি আম আমদানির জন্য দেশীয় আম এভাবে নষ্ট করা হচ্ছে।”

ফলে মানবদেহের জন্য ক্ষতিকর রাসায়নিক ফরমালিনের উপস্থিতি নিয়ে ব্যাপক আলোচনার মধ্যে সারা দেশে ফরমালিনবিরোধী অভিযান শুরু হয়েছে।

গত ১১ জুন থেকে ঢাকা শহরের আটটি প্রবেশ পথে ফলের ট্রাকে ফরমালিন পরীক্ষার কার্যক্রম চলছে,যাতে প্রচুর আম আটকানো হয়েছে।

একই সময় দেশের অন্যান্য স্থানেও ফরমালিনবিরোধী অভিযানে আটক আম ধ্বংস করা হয়েছে।

এর প্রতিবাদে এরইমধ্যে কর্মসূচি পালন করেছেন ঢাকার ফল ব্যবসায়ীরা। অভিযানের নামে হয়রানির অভিযোগও এসেছে বিভিন্ন জায়গা থেকে।

এভাবে আম নষ্ট না করে পরীক্ষা-নিরীক্ষা করে পদক্ষেপ নেয়ার পাশাপাশি ফরমালিনমুক্ত খাবারের জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা প্রণয়নের দাবিও জানান সাবেক প্রধানমন্ত্রী খালেদা।

ফরমালিন নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের সমালোচনাও করেন বিএনপি চেয়ারপারসন।

“আমাদেরকে না কি ফরমালিন দিয়ে বাঁচিয়ে রেখেছেন। তাই যদি হয়, এজন্য তাকে (হাসিনা) ধরা উচিৎ। কারণ তিনিই এই ফরমালিন আমদানি করেছেন।”