মাস্টারকার্ড ব্যবহারে পুরস্কার
গ্রাহকদের জন্য প্রথমবারের মতো ‘স্পেন্ড অ্যান্ড উইন’ প্রচার কার্যক্রম শুরু করেছে মাস্টারকার্ড, যার নাম দেয়া হয়েছে ‘চার চাক্কা হৈ হৈ’ ।
রোববার সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে এবং সংবাদ সম্মেলনে মাস্টারকার্ড এর ডেবিট ও ক্রেডিট কার্ডধারীদের জন্য নতুন এ কার্যক্রমটির উদ্বোধন করা হয়। এটি চলবে আগামী ৩১ জুলাই পর্যন্ত।
সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রচার কার্যক্রমটির আওতায় মাস্টারকার্ডের ডেবিট ও ক্রেডিট কার্ডধারীরা বাংলাদেশের ভৌগোলিক সীমানার মধ্যে অবস্থিত যেকোনো পিওএস/ই-কম মার্চেণ্টে কমপক্ষে ৫০০ টাকা মূল্যমানের আলাদা দুইটি লেনদেন বা কেনাকাটা করলে পুরস্কার জেতার সুযোগ পাবেন।
অবশ্য এজন্য তাদের ২২ জুন থেকে ৩১ জুলাইয়ের মধ্যে লেনদেন বা কেনাকাটা করতে হবে।
এই প্রচার কার্যক্রমের অধীনে পুরস্কার দেয়া হবে দুটি ক্যাটাগরিতে। একটি হলো সর্বোচ্চ পরিমাণ কেনাকাটা আর অন্যটি হলো সবচেয়ে বেশিবার কার্ড ব্যবহার করা।
সর্বোচ্চ পরিমাণ কেনাকাটার ক্ষেত্রে সব ব্যাংকের ইস্যু করা কার্ডধারীদের মধ্যে সবচেয়ে বেশি কেনাকাটা করা ১০ জন পুরস্কার পাবেন। তাঁদের জন্য পুরস্কার হিসেবে রয়েছে অস্ট্রেলিয়া ভ্রমণের সঙ্গীসহ টিকিট, ডায়মন্ড জুয়েলারি ইত্যাদি।
সবচেয়ে বেশি বার কার্ড ব্যবহারকারীদের মধ্যে ১০০ জনেরও বেশি কার্ডধারীকে পুরস্কার দেওয়া হবে। তাদের পুরস্কারগুলো হচ্ছে- ব্র্যান্ডের নতুন গাড়ি, ইস্তান্বুল ভ্রমণের সঙ্গীসহ টিকিট, স্বর্ণের অলঙ্কার ইত্যাদি।
মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল বলেন, ‘‘আসন্ন উৎসবের মৌসুম উপলক্ষে মানুষের মধ্যে কেনাকাটার প্রবণতা বৃদ্ধি পায়। সেজন্য আমরা এদেশে মাস্টারকার্ড ব্যবহারকারী সম্মানিত গ্রাহকদের পুরস্কৃত করতে এই কার্যক্রম চালু করেছি। এটাকে আমরা একটি বড় ধরনের সুযোগ বলে মনে করি।
‘‘মাস্টারকার্ড গ্রাহকদের নিরাপদ ও আরামদায়ক লেনদেন এবং কেনাকাটার সুযোগ করে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। সেই আলোকে আমাদের দৃঢ় বিশ্বাস, মাস্টারকার্ডের এই কর্মসূচির ফলে বাংলাদেশে ইলেকট্রনিক পদ্ধতির লেনদেন ও কেনাকাটায় ব্যাপক অগ্রগতি ঘটবে।’’
মাস্টারকার্ডের এই কার্যক্রমে অংশীদার ব্যাংকগুলো হচ্ছে- ব্র্যাক ব্যাংক, ব্যাংক এশিয়া, ডাচ্-বাংলা ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, প্রাইম ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, পূবালী ব্যাংক, দ্য সিটি ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও লঙ্কাবাংলা ফিন্যান্স।
