চট্টগ্রামে বাঘঘোনায় পাহাড় ধস
টানা তিন দিনের বৃষ্টির পর চট্টগ্রাম নগরীর বাঘঘোনা এলাকায় একটি পাহাড়ের একাংশ ধসে পড়েছে।
রোববার বিকাল ৩টার দিকে পাহাড়ের ওপরের স্তর থেকে মাটি ধসে নিচের স্তরে থাকা দুটি ভবনের পেছনের অংশে পড়ে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
নগরীর বাঘঘোনা সংলগ্ন পাহাড়ের ওপর স্থানীয় ইসমাইল হোসেন নামের এক ঠিকাদার পাঁচ তলা বাড়ি নির্মাণ করেন।
এর নিচের স্তরে চারতলা ও এক তলা আরো দুটি পাকা ভবন রয়েছে।
পাহাড়ের ওপর থেকে ইসমাইলের ভবন সংলগ্ন অংশের পাহাড় ধসে নিচের অংশে পড়ে। মাটি ধসের বিকট শব্দ শুনে স্থানীয়রা সেখানে ভিড় করেন।
খবর পেয়ে দমকল বাহিনী, স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশ ঘটনাস্থলে যায়।
স্থানীয়দের অভিযোগ পাহাড়ের ওপর কয়েক স্তরে ভবন নির্মাণ করা হয়েছে। বৃষ্টিতে পাহাড়ের মাটি ক্ষয়েই এই ধসের ঘটনা ঘটেছে।
যে ভবনটিকে পাহাড় ধসের জন্য মূলত দায়ী করা হচ্ছে ঘটনাস্থলে গিয়ে তার মালিক ইসমাইলের দেখা মেলেনি।
চট্টগ্রাম মহানগর পুলিশের পাঁচলাইশ অঞ্চলের সহকারী কমিশনার দীপক জ্যোতি খীসা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ইসমাইলের পাঁচ তলা ভবনের পাশ থেকে মাটি নিচের দুটি ভবনের পেছনের অংশে পড়ে।
“এতে চারতলা ভবনটির দ্বিতীয় তলার পেছনের অংশ মাটিতে ঢেকে গেছে। একতলা ভবনটির ছাদে মাটি পড়েছে। তবে কেউ হতাহত হননি।”
এর আগে সকালে স্থানীয় প্রশাসন ও পুলিশ লালখান বাজারের মতিঝর্ণা ও টাঙ্কির পাহাড় এলাকায় অবৈধভাবে পাহাড়ে বসবাসকারী কয়েকটি পরিবারকে উচ্ছেদ করে।
এ নিয়ে তৃতীয় দিনের মত পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসতি উচ্ছেদে অভিযান চালানো হলো।
