২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১০তলা থেকে ঝাঁপ দিয়ে নারীর আত্মহত্যা

রাজধানীর ধানমণ্ডিতে ১০তলা ভবনের ছাদ থেকে পড়ে এক নারী আত্নহত্যা করেছেন বলে পুলিশ জানিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2014, 06:39 PM

Updated : 22 Aug 2022, 06:33 PM

নিহত সালমা ইসলাম বেনু (৪২) ধানমণ্ডির ৯/এ সড়কের একটি ১০তলা ভবনের দ্বিতীয় তলায় বড় বোনের সঙ্গে থাকতেন। তার দুই ছেলে-মেয়ে রয়েছে।

ধানমণ্ডি থানার উপপরিদর্শক রেজাউল করিম বলেন, “দুই বছর আগে স্বামীর সঙ্গে ডিভোর্স হওয়ার পর  থেকে বিষণ্নতায় ভুগছিলেন সালমা।

“শনিবার রাতের কোনো এক সময়ে তিনি বাসার ছাদ থেকে লাফিয়ে পড়েন। এরপর একটি গাড়ি তাকে চাপা দেয়।”

তার শয়নকক্ষ থেকে ঘুমের ওষুধ উদ্ধার করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিহতের বোন সাজেদা রুনা সাংবাদিকদের জানান, দুই বছর আগে স্বামী ইঞ্জিনিয়ার নেসারুল ইসলামের সঙ্গে সালমার বিবাহ বিচ্ছেদ হয়।

“এরপর থেকে সে ধানমণ্ডিতে আমার বাসায় থাকতো। তার স্বামী একাধিক মেয়ের সঙ্গে সম্পর্ক রাখছে জানিয়ে আমাদের কাছে প্রায়ই কান্নাকাটি করে বলতো, আপা, আমি আত্মহত্যা করবো।”

সালমার দুই ছেলে-মেয়ে তাদের বাবার কাছে থাকে বলে জানান তিনি।