২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বর্ষণে বাগেরহাটের নিম্নাঞ্চল প্লাবিত

তিন দিনের টানা বর্ষণে বাগেরহাট শহরের নিম্নাঞ্চলসহ জেলার বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে, যার মধ্যে সদর মডেল থানাও রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2014, 06:00 PM

Updated : 13 Oct 2022, 12:15 PM

এতে নিন্ম আয়ের মানুষের দুর্ভোগ বাড়লেও ফসলের ক্ষতি হয়নি বলে সংশ্লিষ্টরা জানান।

শুক্রবার থেকে রোববার সকাল পর্যন্ত জেলায় এক হাজার ২৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

প্লাবিত এলাকাগুলো হলো বাগেরহাট পৌরসভার বাসাবাটি, সাহাপাড়া, হাড়িখালী, মিঠাপুকুর পাড়, মেইনরোড়, খানজাহান আলী সড়ক ও বাগেরহাট মডেল থানা।

জেলা শহরের বাইরের এলাকাগুলো হলো মংলা, শরণখোলা, মোরেলগঞ্জ, রামপাল ও সদর উপজেলার বেশকিছু অংশ।

জেলা শহরের বিভিন্ন এলাকায় সরেজমিনে দেখা গেছে, রিকশা শ্রমিক ও বিভিন্ন নিম্ন আয়ের মানুষ প্রবল বর্ষণের কারণে ঘরের বাইরে যেতে পারছেন না।

এ কারণে একদিকে যেমন তাদের আয় কমে যায়, তেমনি যাত্রীদেরও যানবাহন না পেয়ে পড়তে হয় ভোগান্তিতে।

বাগেরহাট পৌরসভার মেয়র খান হাবিবুর রহমান বলেন, ড্রেনগুলোতে ময়লা আবর্জনা জমে পানি নিষ্কাশন বন্ধ থাকায় শহরের কিছু এলাকায় জলবদ্ধতার সৃষ্টি হয়েছিল। পৌরসভার পরিচ্ছন্ন কর্মীরা সেসব এলাকায় গিয়ে আবর্জনা সরিয়ে দিলে পানি নেমে যায়।

বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক হীরেন্দ্রনাথ হাওলাদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত তিন দিনে জেলায় এক হাজার ২৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এই বৃষ্টিতে ফসলের কোনো ক্ষতি হয়নি। জেলার চিংড়ি ঘেরগুলোতে পানি ছুঁইছুঁই করছে। এভাবে বৃষ্টি অব্যাহত থাকলে চিংড়িঘের তলিয়ে যেতে পারে, যার কারণে বিপদে পড়তে পারেন চিংড়ি চাষিরা।