শেরপুরে দুর্ঘটনায় নিহত ১
শেরপুর সদরে বাসের ধাক্কায় অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন, আহত হন চার জন।
ঢাকা-শেরপুর মহাসড়কের কানাসাখোলায় রোববার দুপুরে এ দুর্ঘটনায় নিহত আব্দুল মেতালেব (৩০) সদর উপজেলার আলিনাপাড়া গ্রামের আব্দুর রউফের ছেলে।
আহতদের শেরপুর জেলা সদর হাসপাতাল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা এক ঘণ্টা মহসড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ গিয়ে তাদের সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
শেরপুর সদর থানার এসআই হাবিবুর রহমান জানান, দুপুর সাড়ে ১২টার দিকে শেরপুর থেকে ঢাকাগামী একটি বাস কানাসাখেলা এলাকায় একটি সিএনজি চালিত অটোরিকশাকে ধাক্কা দেয়।
সদর থানার ওসি মো. মাজহারুল করিম জানান, চালকসহ বাসটিকে আটক করা হয়েছে এবং দুর্ঘটনা কবলিত অটোরিকশাটি উদ্ধার করে থানায় আনা হয়েছে।
এ ব্যাপরে শেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি।
