সরকারকে ধান দিচ্ছে না রংপুরের চাষিরা
সরকারি ক্রয়মূল্যের চেয়ে বাজারদর বেশি হওয়ায় সরকারকে ধান দিচ্ছে না রংপুরের চাষিরা৷
একমাস আগে বোরো ধান সংগ্রহ অভিযান শুরু হলেও রোববার পর্যন্ত এক ছটাক ধানও কিনতে পারেনি জেলা খাদ্য বিভাগ ৷
সরকার চলতি বছর প্রতি কেজি বোরো ধানের ক্রয়মূল্য নির্ধারণ করেছে ২০ টাকা। এতে করে মণ প্রতি (৪০ কেজি) ধানের দাম দাঁড়ায় আটশ’ টাকা।
পীরগাছা উপজেলার পারুল ইউনিয়নের দেউতি গ্রামের বোরো চাষি জাহাঙ্গীর আলম মাস্টার বলেন, “খাদ্য বিভাগ শুকনা (১৪ শতাংশ আর্দ্র) ধান কিনে থাকে। আমরা ক্ষেত থেকে কেটে এনে শুকানোর আগেই ধান ৮০০ থেকে ৮৩০ টাকা মণ বিক্রি করছি।
“ধান শুকিয়ে খাদ্য বিভাগে নিয়ে গেলে মণ প্রতি পাঁচ থেকে ছয় কেজি কম হয়। এ কারণে খাদ্য বিভাগে সরকারি দামে ধান বেচতে যাই না।”
রংপুর সিটি কর্পোরেশনের ৩৩ নম্বর ওয়ার্ডের রাজুখাঁ গ্রামের বোরো চাষি মকবুল হোসেন বলেন, “সরকারি ক্রয় কেন্দ্রে ধান নিয়া গেইলে ভালো শুকনা হয় নাই, চিটা আছে, এমন নানান কারণ দ্যাকেয়া তা ফেরত দেয়। এত হয়রানির চায়া বাজারে ধান ব্যাচে দিতুচি।”
রংপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক জামাল হোসেন জানান জানান, রংপুর জেলায় ২২ মে থেকে বোরো ধান সংগ্রহ অভিযান শুরু হয়েছে ৷ জেলায় চলতি বছর বোরো ধান কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে চার হাজার ৩৬৮ মেট্রিক টন।
তিনি বলেন, “টাকা নিয়ে বসে আছি, ধান পাচ্ছি না। আমরা শুকনা ধান কিনে থাকি। কৃষকের কাছ থেকে তা পাওয়া যায় না। এ ছাড়া সরকারি ক্রয়মূল্য থেকে বাজারদর বেশি হওয়ায় চাষিরা সরকারি খাদ্যগুদামে ধান বিক্রি করতে আসছেন না।”
গত এক মাসে এক ছটাক ধানও কেনা সম্ভব হয়নি বলে জানান তিনি।
