‘ফরমালিন অপব্যবহারের দণ্ড যাবজ্জীবন’
যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রেখে ‘ফরমালিন নিয়ন্ত্রণ আইন’ চূড়ান্ত করা হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
যুক্তরাষ্ট্র সফর নিয়ে রোববার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।
ফরমালিনের অপব্যবহার রোধে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ডের বিধান রেখে ২০১৩ সালের ৪ নভেম্বর মন্ত্রিসভা এই আইনের খসড়ার নীতিগত অনুমোদন দিলেও এখনো আইনটি চূড়ান্ত হয়নি।
তবে শিগগিরই আইনটি চূড়ান্ত করে মন্ত্রিসভায় পাঠানো হবে জানিয়ে তোফায়েল বলেন, “এটি পাস হলে ফরমালিনের অপব্যবহার রোধ করা সম্ভব হবে।”
সচিবের দায়িত্বে থাকা বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ টি এম মুর্তজা রেজা চৌধুরী বলেন, “বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সায়েন্স ল্যাবরেটরির শিক্ষকদের সঙ্গে কথা বলে নতুন আইনে বিস্তারিতভাবে ফরমালিন সংজ্ঞায়িত করা হয়েছে।”
এছাড়া ফরমালিনের উৎসসহ বিভিন্ন বিষয়েও আইনে সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে বলে জানান তিনি।
সাধারণত গবেষণাগার, হাসপাতাল, চামড়া শিল্প, টেক্সটাইল ও হ্যাচারিতে ফরমালিন ব্যবহৃত হলেও বাংলাদেশে বিভিন্ন খাবরে ব্যাপকহারে ক্ষতিকারক এই রাসায়নিকের ব্যবহার হচ্ছে।
ফরমালিন আইন নীতিগত অনুমোদনের সময় মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা জানিয়েছিলেন, নতুন এ আইনের মাধ্যমে ফরমালিন উৎপাদন, আমদানি, পরিবহন, মজুদ, বিক্রয় ও ব্যবহার পর্যায়ে নিয়ন্ত্রণ করা হবে।
ফলে ফরমালিনের ব্যবহার ঠেকাতে বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়েছে ঢাকা মহানগর পুলিশ।
