‘টাকা কখনো কালো হয় না’
সরকারের নীতি ও আমলাতান্ত্রিক জটিলতার কারণে দেশের টাকা বিদেশে চলে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ।
রোববার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে জাতীয় পার্টির এই সদস্য বলেন, “দেশের টাকা দেশে থাকছে না। বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হচ্ছে- সুইস ব্যাংকে দেশের টাকা চলে যাচ্ছে। এছাড়া আমেরিকা, মালয়েশিয়া, কানাডাসহ অনেক দেশে টাকা যাচ্ছে। যা খুব উদ্বেগজনক।
“সরকারের নীতি ও আমলাতান্ত্রিক জটিলতার কারণে দেশের টাকা বিদেশে চলে যাচ্ছে।”
ফাইল ছবি
তিনি বলেন, “আমরা অর্থমন্ত্রীকে বারবার বলেছি। আবারও বলছি-ইনভেস্টমেনন্ট হলিডে দেন। বিনিয়োগের সুযোগ করে দিন। ট্যক্স হলিডে ঘোষণা দেন।”
কালো টাকা, সাদা টাকা বিবেচনা না করে দেশের টাকা দেশে রাখার ব্যবস্থা নিতে অনুরোধ জানান তিনি।
“যে যেভাবে আয় করে, তাকে সেভাবে টাকা বিনিয়োগের সুযোগ দিতে হবে। তাহলে দেশের টাকা দেশেই থাকবে।”
সকাল ১১ টার পরে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।
দিনের কার্যসূচিতে শুরুতে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়। এরপরই পয়েন্ট অব অর্ডারে বক্তব্য দেন ফিরোজ।
এখন ২০১৪-২০১৫ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনা চলছে।
