শপথ নিয়েছেন প্রয়াত হিরনের স্ত্রী জেবুন্নেছা
সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন বরিশাল-৫ আসনের উপ-নির্বাচনে জয়ী আওয়ামী লীগের প্রয়াত সংসদ সদস্য শওকত হোসেন হিরনের স্ত্রী জেবুন্নেছা আফরোজ।
রোববার সকালে জেবুন্নেছাকে শপথ পড়ান জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
হিরনের মৃত্যুতে শূন্য এই আসনে গত ১৫ জুন অনুষ্ঠিত উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী জেবুন্নেছা ১ লাখ ৮৩ হাজার ৬২৯ ভোট পেয়ে জয়ী হন।
প্রতিদ্বন্দ্বী বিএনএফের প্রার্থী সাইফুল ইসলাম লিটন পান ৬ হাজার ১৩৬ ভোট।
স্পিকারের কার্যালয়ে অনুষ্ঠিত শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সংসদ সচিব মো. আশরাফুল মকবুল।
ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, প্রদান হুইপ আ স ম ফিরোজ, হুইপ মো. শহিদুজ্জামান সরকার, হুইপ ইকবালুর রহিম, হুইপ মো. শাহাব উদ্দিন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসনাত আবদুল্লাহ এ সময় উপস্থিত ছিলেন।
