শামীমকে গুলি: সূত্র পাচ্ছে না পুলিশ
আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদ সদস্য, ছাত্রলীগের সাবেক সভাপতি এনামুল হক শামীম হত্যাচেষ্টা ঘটনার চার দিনেও কোন সূত্র পায়নি পুলিশ।
ঘটনার পরের দিন শুক্রবার ধানমণ্ডি থানায় যে মামলা হয়েছে তাতে অজ্ঞাত পরিচয়ের তিন জনকে আসামি করা হয়েছে।
ধানমণ্ডি থানার ওসি আবু বকর সিদ্দিক শনিবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এখনো বলার মতো কোন অগ্রগতি হয়নি। তবে পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা চালছে।”
থানা পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশও তদন্ত করছে ঘটনাটি।
তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র বলছে, ঘটনার সময় শামীমের গাড়ি চালক এবং এক আত্মীয় গাড়িতে বসা ছিলেন। তাদের কাছ থেকে ঘটনার বর্ণনা নেয়া হয়েছে। তবে হাসপাতালে চিকিৎসাধীন থাকায় শামীমের সঙ্গে এখনো বিস্তারিত কথা বলা যায়নি।
শামীম রাজনীতির পাশপাশি বেশ কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত।
ফাইল ছবি
তবে ঘটনার দিনেই শামীম বলেছেন, তার কোন শত্রু নেই। ঘটনার আগের রাতেও তিনি ধানমণ্ডি লেকে হাটাহাটি করেছেন।
ওসি আবু বকর সিদ্দিক জানান, “যে ভিডিও ফুটেজ পাওয়া গেছে সেখানে স্পষ্টভাবে কোন সন্ত্রাসীর চেহারা বোঝা যাচ্ছে না। তবে একটি মটর সাইকেলে থাকা তিনজনের মধ্যে মাঝের জন যে গুলি করছে তা বোঝা যায়। এটা একটা প্রমাণ কিন্তু এ মুহূর্তে কোন কাজে লাগছে না।”
ঘটনাস্থল থেকে সিসি ক্যামেরার দুরত্ব বেশি হওয়ায় চেহারা স্পষ্ট হয়নি বলে জানান ওসি।
গত বৃহস্পতিবার সকালে ধানমণ্ডির বাসা থেকে বের হয়ে নিজ অফিসে যাওয়ার সময় ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারের সামনে মটরসাইকেলে করে আসা সন্ত্রাসীরা গাড়িতে বসা শামীমকে লক্ষ্য করে গুলি করে। দুটি গুলি তার বাঁ হাতে বিদ্ধ হয়। তিনি অল্পের জন্য প্রাণে রক্ষা পান।
সম্মিলিত সামরিক হাসপাতালে শামীমের চিকিৎসা চলছে।
