যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে ‘সংশয়’ নেই রাষ্ট্রপতির
যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে ‘সংশয়ের’ কোনো কারণ নেই বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।
নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি নূরনবী কমান্ডারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল স্থানীয় সময় শুক্রবার সকালে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাত করেন।
ফাইল ছবি
নূরনবী কমান্ডার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়েছেন।
প্রতিনিধি দল এ সময় যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে ‘দেরি’ হওয়ার বিষয় উত্থাপন করলে রাষ্ট্রপতি বলেন, “জাতিসংঘ মহাসচিব বান কি মুন আমাকে টেলিফোন করেছিলেন কাদের মোল্লার মৃত্যুদণ্ড স্থগিতের জন্য। কিন্তু সেটি কি ঘটেছে? বিচার চলছে এবং তা আইনী প্রক্রিয়া অনুযায়ী সম্পন্ন হবেই। কারণ, বাংলাদেশের মানুষ এই বিচারের জন্যে সরকারকে ম্যান্ডেট দিয়েছে।”
প্রতিনিধি দল বাংলাদেশের উন্নয়ন ‘স্থগিতে’ নিউইয়র্কসহ বহির্বিশ্বে নানা অপতৎপরতার কথা তুলে ধরলে আবদুল হামিদ বলেন, “কোনো অপশক্তিই বাংলাদেশের এগিয়ে চলাকে ব্যাহত করতে পারবে না। কারণ, বাংলাদেশের মানুষ এখন অনেক সজাগ। ভাঁওতা দিয়ে কাউকে বিভ্রান্ত করা সম্ভব নয়।’
হোটেল সুইটে অনুষ্ঠিত এ সাক্ষাতে মহানগর আওয়ামী লীগের সভাপতি নূরনবী কমান্ডারের নেতৃত্বে সিনিয়র সহ-সভাপতি জাকারিয়া চৌধুরী, উপদেষ্টা খোরশেদ খন্দকার, যুক্তরাষ্ট্র আওয়ামী আইনজীবী পরিষদের সভানেত্রী মোর্শেদা জামান ও সুবল দেবনাথ উপস্থিত ছিলেন।
এর আগে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাত করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, সেক্রেটারী সাজ্জাদুর রহমান সাজ্জাদ এবং নির্বাহী সদস্যা শাহানারা রহমান। এছাড়া নিউইয়র্ক অঙ্গরাজ্য আওয়ামী লীগের সেক্রেটারি শাহীন আজমলসহ পেনসিলভেনিয়া অঙ্গরাজ্য আওয়ামী লীগের নেতৃবৃন্দ রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাত করেন।
