২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রফিউর রাব্বির মামলা নেয়নি পুলিশ

সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহবায়ক রফিউর রাব্বিসহ তার সহকর্মীদের উপর হামলার ঘটনায় মামলা নেয়নি পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2014, 07:23 PM

Updated : 22 Aug 2022, 06:32 PM

ঘটনার পর শুক্রবার রাতেই রফিউর রাব্বি বাদী হয়ে তিন জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় ৬০ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ তা এজাহার হিসেবে নথিভুক্ত করেনি।

শুক্রবার সন্ধ্যায় শহরের চারারগোপ এলাকায় ত্বকী মঞ্চের পক্ষ থেকে নিহত ত্বকীর সব খুনিকে গ্রেপ্তারের দাবিতে লিফলেট বিতরণকালে তাদের উপর হামলা হয়।

এ ব্যাপারে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মঞ্জুর কাদের বলেন, যেহেতু ঘটনাটি নির্বাচন সংশ্লিষ্ট, তাই নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলাপ আলোচনা শেষে তদন্ত করে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

রফিউর রাব্বি সাংবাদিকদের জানান, লিখিত অভিযোগে তিনি ঘটনার জন্য মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব আকরাম আলী শাহিন, জেলা যুব সংহতির আহবায়ক রাজা হোসেন রাজা এবং হোসিয়ারি শ্রমিক নেতা স্বপনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় ৬০ জনের কথা উল্লেখ করেছেন।

অভিযোগে তিনি বলেন, হামলার সময় রফিউর রাব্বির সঙ্গে থাকা কবি ও গীতিকার আরিফুজ্জামান বুলবুলের নগদ ১২ হাজার টাকা এবং ৬ হাজার টাকা মূল্যের একটি নকিয়া মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়।