না’গঞ্জ উপ-নির্বাচনে হাজারের বেশি র্যাব থাকবে
নারায়ণগঞ্জ-৫ আসনের উপ-নির্বাচনে আইনশৃঙ্খলায় এক হাজারেরও বেশি র্যাব সদস্য মোতায়েন থাকবে।
শনিবার বিকালে নারায়ণগঞ্জ নগরীর চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে র্যাব-১১ ব্যাটালিয়ন সিও আনোয়ার লতিফ খান একথা জানান।
এর আগে শহীদ মিনার প্রাঙ্গণে বিপুল সংখ্যক র্যাব সদস্য অবস্থান নেন।
আগামী ২৬ জুন এ আসনে উপ-নির্বাচন হওয়ার কথা রয়েছে। নাসিম ওসমানের মৃত্যুর পর আসনটি শূন্য হয়।
তিনি বলেন, নারায়ণগঞ্জবাসী যাতে অবাধে নির্বাচনে ভোট দিতে আসতে পারে সেজন্য প্রতিটি ওয়ার্ড ও প্রতিটি ইউনিয়নে র্যাব সদস্য মোতায়েন থাকবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত ও অবৈধ অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাসীদের গ্রেপ্তারে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
এই নির্বাচনকে কেন্দ্র করে র্যাব-১১ কার্যালয়ে সার্বক্ষণিক একটি মনিটরিং সেল গঠন করা হবে, যেখানে যে কেউ যেকোনো বিষয়ে অভিযোগ দিতে পারবে বলে তিনি জানান।
ব্রিফিং শেষে র্যাবের টহল দল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
