পটুয়াখালীর অভ্যন্তরীণ নৌ চলাচল বন্ধ
বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পটুয়াখালীর অভ্যন্তরীণ পাঁচটি রুটে সকল ধরনের নৌযান চলাচল বন্ধ রেখেছে বিআইডবিব্লউটিএ।
শনিবার ভোর রাত থেকে জেলা শহরসহ কয়েকটি উপজেলায় হালকা ও মাঝারি ধরনের বৃষ্টিসহ কোথাও কোথাও ঝড়ো হাওয়ার সঙ্গে ভারি বর্ষণও হয়েছে।
নদী বন্দরের দায়িত্বে থাকা টি এস আই মো. দেলোয়ার হেসেন নৌযান চলাচল বন্ধ থাকার তথ্যটি নিশ্চিত করেছেন।
এছাড়া ঢাকা-পটুয়াখালী রুটের ডাবল ডেকার লঞ্চগুলি চলাচল করবে বলেও জানান তিনি।
খেপুপাড়া রাডার স্টেশন কর্মকর্তা প্রদীপ কুমার কর্মকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সুস্পষ্ট লঘুচাপে সাগরে আবহাওয়ার প্রতিকুলতার কারণে আরো দুতিন দিন ঝড়-বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
সাগর ও উপকূলীয় নদ-নদীগুলো অশান্ত হয়ে উঠেছে। গত ২৪ ঘণ্টায় ১১৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানান প্রদীপ কুমার।
আলীপুর মৎস্য মালিক-ব্যবসায়ী সমিতির সভাপতি আনছার আলী মোল্লা জানান, কুয়াকাটা-আলীপুর-মহিপুর মৎস্য বন্দর এলাকার মাছধরা ট্রলারগুলো তীরে ফিরতে শুরু করেছে।
