চট্টগ্রামে পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসতি উচ্ছেদ চলছে
বর্ষা মৌসুমের শুরুতেই ভারী বর্ষণের পর বন্দর নগরীর পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের উচ্ছেদে দ্বিতীয় দিনের মতো অভিযান চালাচ্ছে স্থানীয় প্রশাসন।
শনিবার সকালে নগরীর একাধিক পাহাড়ে একযোগে এ অভিযান শুরু হয়।
এর আগে শুক্রবার নগরীর বেশ কয়েকটি পাহাড়ে মাইকিং করে বসবাসকারীদের সরে যেতে বলে প্রশাসন। পাশাপাশি প্রায় ২০০ পরিবারকে বাটালি হিল ও মতিঝর্ণা থেকে সরিয়ে নেয়া হয়।
চট্টগ্রাম মহানগর পুলিশের পাঁচলাইশ অঞ্চলের সহকারী কমিশনার (এসি) দীপক জ্যোতি খীসা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মতিঝর্ণা, বাটালি পাহাড় ও টাঙ্কির পাহাড়ের বাসিন্দাদের সরিয়ে নেয়া হবে।
“সকাল থেকে অভিযান শুরু হলেও প্রবল বর্ষণের কারণে খুব ধীরে কাজ করতে হচ্ছে। এখানে চারটি স্কুলে আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। উচ্ছেদ হওয়াদের আপাতত সেখানে নিয়ে যাওয়া হবে।”
শনিবার সকাল থেকে বায়েজিদ এলাকায়ও অবৈধ বসতি উচ্ছেদ অভিযান শুরু হয়।
নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) মো. শহীদুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রৌফাবাদে বেলা ফকিরের পাহাড় ও আলী নগরে ঝুঁকিপূর্ণ পাহাড়ে অভিযান চলছে।
চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস এম আব্দুল কাদের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার কিছু লোকজনকে স্থানান্তর করা হয়েছে।
“গত কয়েক সপ্তাহ ধরে মাইকিং করা হয়েছে। যারা এখনো সরে যায়নি তাদের উচ্ছেদ করা হচ্ছে। প্রবল বর্ষণের পর এসব পাহাড়ে থাকা কোনো ভাবেই নিরাপদ নয়। বর্ষণের কারণে উচ্ছেদ অভিযানও পুরোদমে চালাতে পারছি না।“
শনিবারের অভিযানে জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতও রয়েছে। অভিযানে কয়েক শ’ পুলিশ সহযোগিতা করছে। সংশ্লিষ্ট এলাকার ওয়ার্ড কাউন্সিলরদেরও সঙ্গে নেয়া হয়েছে।
গত বৃহস্পতিবার রাত থেকে নগরীতে প্রবল বর্ষণের পর বিভিন্ন স্থানে জলাবদ্ধতা ও দেয়াল ধসের ঘটনা ঘটে। শুক্রবার রাজা পুকুর লেইনের পাঁচটি ঘরের দেয়াল ধসে একই পরিবারের দুইজনসহ তিনজন আহত হয়।
শনিবার সকালে পাঁচলাইশ থানার রহমান নগরে দেয়াল ধসে এক নির্মাণ শ্রমিক নিহত ও আরো দুইজন আহত হয়।
২০০৭ সালের ১১ জুন নগরীতে প্রবল বর্ষণের পর একযোগে ছয় স্থানে পাহাড় ধসে ১২৭ জন মারা যায়। এরপর প্রায় প্রতি বছর আকবর শাহ, লালখান বাজারের মতিঝর্ণা, টাঙ্কির পাহাড়, বাটালি পাহাড়, বায়েজিদসহ বিভিন্ন স্থানে পাহাড় ধসে মানুষ মারা যায়।
২০০৭ সালের মর্মান্তিক ঘটনার পর গঠিত পাহাড় ব্যবস্থাপনা কমিটির বিভিন্ন সভায় গৃহীত সিদ্ধান্ত এখনো বাস্তবায়ন হয়নি। তবে বর্ষা এলেই চলে উচ্ছেদের তোড়জোড় আর পাহাড়ের ঘরে পানি-বিদ্যুৎ-গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার কাজ।
