চাঁপাইনবাবগঞ্জে আম ব্যবসায়ীদের হরতাল স্থগিত
ফরমালিন ব্যবহারের মিথ্যা অভিযোগে হয়রানি ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে রোববার ডাকা হরতাল স্থগিত করেছেন আম ব্যবসায়ীরা।
চাঁপাইনবাবগঞ্জের আম চাষি ও আম ব্যবসায়ীদের পক্ষে গত বুধবার সকালে সংবাদ সম্মেলন করে রোববার এ হরতালের ঘোষণা দেয় চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।
প্রশাসনের পক্ষ থেকে আম চাষি ও ব্যবসায়ীদের সমস্যা সমাধানে উদ্যোগ নেয়ার আশ্বাসে এ কর্মসূচি প্রত্যাহার করা হয় বলে সংশ্লিষ্টরা জানান।
এ বিষয়ে শনিবার সকালে সংগঠনটির সভাপতি আব্দুল ওয়াহেদ জানান, সকালে প্রশাসনের সঙ্গে এক বৈঠকে রোববার হরতালসহ চলমান আন্দোলন কর্মসূচি আগামী ২৬ জুন পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
এ ব্যাপারে জেলা প্রশাসক সরদার সরাফত আলী বলেন, আম ব্যবসায়ী ও চাষিরা যেন ক্ষতিগ্রস্ত না হয় এজন্য প্রশাসন সজাগ রয়েছে।
শুক্রবার চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতৃত্বে জেলার বিভিন্ন উপজেলার আম ব্যবসায়ী সংগঠনগুলোর সঙ্গে চলমান সমস্যাগুলি নিয়ে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ বিভিন্ন কর্মকর্তাদের এক সভা অনুষ্ঠিত হয়।
ওই সভায় স্থানীয় প্রশাসন এবং এফবিসিসিআই এর পক্ষ থেকে সমস্যা সমাধানে উদ্যোগ নেয়া হয়েছে বলে আম ব্যবসায়ীদের জানানোর পর পূর্ব ঘোষিত রোববারের হরতাল স্থগিত করে তারা।
