মাগুরায় বাসচাপায় বৃদ্ধ নিহত
মাগুরা সদরে বাসচাপায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। আহত হয়েছে তার নাতি।
নিহত হাফিজুল্লাহ (৬৫) সদর উপজেলার শিবরামপুর গ্রামে মেয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন।
এ ঘটনায় গুরুতর আহত মাসুমকে (১৬) মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি জাহাঙ্গীর বলেন, হাফিজুল্লাহ নাতি মাসুমের সঙ্গে বাইসাইকেলে চড়ে মাগুরা শহরে যাচ্ছিলেন। সকাল সাড়ে ৯টার দিকে জেলখানার সামনে ফরিদপুর থেকে কুষ্টিয়াগামী আলসানি পরিবহনের একটি বাস বাইসাইকেল আরোহী নানা-নাতিকে পেছন থেকে ধাক্কা দেয়।
এতে হাফিজুল্লাহ ছিটকে রাস্তায় পড়ে বাসের চাপায় ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত হয় মাসুম।
