২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে প্রাণের তেল কারখানায় অগ্নিকাণ্ড

নাটোর সদর উপজেলার একডালা এলাকায় একটি তেলের কারখানায় অগ্নিকাণ্ডে উৎপাদিত পণ্য ও যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হয়েছে।  

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2014, 11:49 AM

Updated : 22 Aug 2022, 06:32 PM

শনিবার ভোর পৌনে ৩টার দিকে ‘প্রাণ এগ্রো লিমিটেডের’ ওই কারখানায় লাগা আগুন প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।

নাটোর ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক আক্তার হোসেন জানান, তেল উৎপাদন কারখানাটিতে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময় কারখানা বন্ধ ছিল। তবে ভেতরে থাকা তেলভর্তি কন্টেইনারে আগুন লাগায় দ্রুত তা উৎপাদন ও প্রক্রিয়াজাত এলাকায় ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে নাটোর, দয়রামপুর, ঈশ্বরদী ও পুঠিয়া (রাজশাহী) ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এসে আগু নেভাতে শুরু করে।

তার আগেই উৎপাদিত পণ্য ও কারখানার যন্ত্রপাতির বেশ ক্ষতি হয় বলেও জানান এই ফায়ার সার্ভিস কর্মকর্তা।

প্রাণের নাটোর কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক হিরক হোসেন ঘটনাস্থল থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

তবে তাৎক্ষণিকভাবে ক্ষতির পরিমাণ জানাতে পারেন নি তিনি।