বাসের ছাদ থেকে পড়ে ২ বরযাত্রী নিহত
নওগাঁর ধামইরহাট উপজেলায় কনের বাড়ি থেকে ফেরার পথে বাসের ছাদ থেকে পড়ে বরযাত্রী দুই যুবক নিহত হয়েছেন।
শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে চকময়রম এলাকার নওগাঁ-জয়পুরহাট সড়কের এ দুর্ঘটনায় আরো দুজন আহত হয়েছেন বলে জানান ধামইরহাট থানার ওসি নাজমুল হক।
আহত রুপলাল হেমরম (৩০) ও উজ্জল (২৮) ধামইরহাট স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন।
ওসি নাজমুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ‘কালাম ইন্টারপ্রাইজের’ একটি বাসে করে গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিয়ের কাজ শেষে বাহাদুরপুর গ্রামে ফেরার পথে ঘটনাস্থলে পৌঁছালে বাসের ছাদে থাকা চারজন গাছের ডালের ধাক্কায় নিচে পড়ে যায়।
“এসময় ঘটনাস্থলেই মারা যান শৈলেন এবং বাকি তিনজনকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। তাদের মধ্যে শনিবার সকাল ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সঞ্জিত।”
