২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়ায় দুই কারখানায় অগ্নিকাণ্ড

ঢাকার সাভারের আশুলিয়ায় দুটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় হুড়োহুড়িতে একটি কারখানার অন্তত ২০ শ্রমিক আহত হয়েছেন।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2014, 07:38 PM

Updated : 13 Oct 2022, 12:15 PM

শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে আশুলিয়ার কুটুরিয়া এলাকায়  ‘জেড- এ অ্যাপারেলস লিমিটেড’ কারখানার আগুন লাগার পর প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার ব্রিগেডের ছয়টি ইউনিট।

চারতলা ভবনের ওই তৈরি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলে শিল্প পুলিশের এএসপি শহিদুল ইসলাম জানিয়েছেন।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল হামিদ মিয়া জানান, জেড- এ অ্যাপারেলস লিমিটেডের কারখানা ভবনের নিচতলায় আগুন লাগে। সেখানে গুদাম থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।

সাভার, ডিইপিজেড ও ধামরাই স্টেশনের ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনায় খুব বেশি ক্ষয়ক্ষতি হয়নি।

তবে কারখানার নিচতলার গুদামে রাখা জিনিসপত্র পুড়ে গেছে বলে জানান তিনি।

কারখানার ব্যবস্থাপনা পরিচালক জাহাঙ্গীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সব ধরনের ঝুঁকি বিবেচনায় নিয়ে আমাদের পর্যাপ্ত থাকায় অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়নি। আগুন লাগার পরপরই সবাই বাইরে বেরিয়ে আসে।”

এছাড়া কারখানার পাশে নিজেদের পুকুর থাকায় আগুন নিভাতে ফায়ার সার্ভিস কর্মীদের পানির অভাবে পড়তে হয়নি বলে জানান তিনি।

এর আগে দুপুরে আশুলিয়ার পূর্ব নরসিংহপুর এলাকার ‘মেডলার অ্যাপারেলস লিমিটেড’ নামের আরেকটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় হুড়োহুড়ি করে কারখানা ভবন থেকে নামতে গিয়ে অন্তত ২০ জন শ্রমিক আহত হন।

শিল্প পুলিশের এএসপি শহিদুল ইসলাম বলেন, "দুপুর আনুমানিক সোয়া ২টার দিকে বহুতল ভবনটির নীচতলায় সার্ভার রুমে (ক্লোজ সার্কিট ক্যামেরার নিয়ন্ত্রণ কক্ষ)  বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।

"এসময় কারখানায় ফায়ার এলার্ম বেঁজে উঠলে কয়েকশ’ শ্রমিক একসাথে সিঁড়ি দিয়ে হুড়োহুড়ি করে নামতে গিয়ে ধোঁয়া ও ধাক্কাধাক্কিতে কমপক্ষে ২০ জনের মতো আহত হন।"

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে আসার আগেই কারখানার নিজস্ব অগ্নি নির্বাপক দল আগুন নিভিয়ে ফেলে।

আগুনে কারখানার সার্ভার রুম, জরুরি কাগজপত্র ও আসবাবপত্রসহ মূল্যবান মালামাল পুড়ে যায়।

পরে কর্তৃপক্ষ একদিনের জন্য কারখানাটি ছুটি ঘোষণা করে।