পাঁচ কোটি ছাড়িয়েছে ‘শরণার্থী’
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবারের মতো বিশ্বজুড়ে জোরপূর্বক বাস্তুচ্যুত মানুষের সংখ্যা পাঁচকোটি ছাড়িয়েছে, যাদের মধ্যে রয়েছে শরণার্থী, আশ্রয়প্রার্থী ও অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত মানুষ।
শুক্রবার প্রকাশিত জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে ২০১৩ সালের তথ্য দিয়ে ‘গ্লোবাল ট্রেন্ডস রিপোর্ট’টি তৈরি করা হয়। নিজস্ব তথ্যের পাশাপাশি বিভিন্ন দেশের সরকার ও সহযোগী বেসরকারি সংগঠনগুলোর তথ্যের ভিত্তিতে এটা তৈরি করা হয়েছে।
এতে বলা হয়, ২০১৩ সালের শেষে জোরপূর্বকভাবে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা পৌঁছে ৫ কোটি ১২ লাখে, যা ২০১২ সালের (৪ কোটি ৫২ লাখ) চেয়ে ৬০ লাখ বেশী। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথমবারের মত এই সংখ্যাটি ৫ কোটি অতিক্রম করলো।
সিরিয়া যুদ্ধের ২৫ লাখ শরণার্থী এবং আরো ৬৫ লাখ মানুষ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হওয়াকেই সংখ্যা বৃদ্ধির মূল কারণ হিসাবে চিহ্নিত করা হয় প্রতিবেদনে। তবে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র এবং ২০১৩-এর শেষে দক্ষিণ সুদানে বাস্তুচ্যুতির কথাও সেখানে উল্লেখ করা হয়।
শরণার্থী উৎসের দিক থেকে এখনো আফগানিস্তানই শীর্ষস্থানে রয়েছে বলে সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়। বাংলাদেশের প্রতিবেশি মিয়ানমারের অবস্থান এক্ষেত্রে ষষ্ঠ।
‘গত বছর বাংলাদেশ সরকার একটি জাতীয় কৌশলপত্র প্রণয়ন করে, যাতে অনিবন্ধিত মিয়ানমারের নাগরিকদের তালিকা করার পরিকল্পনা হয়। এই প্রক্রিয়াটি আন্তর্জাতিক মান অনুযায়ী সম্পন্ন হলে শরণার্থী শিবিরের বাইরে থাকা অনিবন্ধিত জনগোষ্ঠীর অস্তিত্ব স্বীকৃত হবে।’
এর ফলে এই মানুষগুলো পরিচয়পত্র, মানবিক সহায়তা ও ন্যায়বিচারের সুযোগ পাবে বলে আশা প্রকাশ করে ইউএনএইচসিআর।
সংস্থাটির একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কারিগরি শিক্ষা ও বার্মিজ ভাষায় দক্ষ করতে শরণার্থী শিবিরে নিয়মিত কোর্স পরিচালনা করা হয়, যাতে রাখাইন রাজ্যে শান্তি ফিরে এলে শরণার্থীরা সেখানে ফিরে স্বাবলম্বী জীবনযাপন করতে পারে।
‘শরণার্থীদের মানসিক চাপ ও দৈনন্দিন কষ্ট লাঘবের জন্য বাংলাদেশ সরকার সম্প্রতি ক্যাম্পের ভেতরকার বাসস্থান এবং জীবনযাপনের উন্নতিসাধন করতে সম্মত হয়েছে।’
জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার অ্যান্টনিয় গুটেরাসকে উদ্বৃত করে বলা হয়, ‘যুদ্ধের মীমাংসা না করার এবং সহিংসতা প্রতিরোধে ব্যর্থ হওয়ার অপরিমেয় ক্ষতি আমরা এখানে দেখতে পাচ্ছি।
‘শান্তির অপ্রতুলতা বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে। মানবিক কর্মীরা উপশমকারী হিসেবে সাহায্য করতে পারে, কিন্তু রাজনৈতিক সমাধান অত্যাবশ্যক। তা নাহলে এই পরিসংখ্যানে প্রতিফলিত আশঙ্কাজনক মাত্রার সহিংসতা ও দুর্ভোগ অব্যাহত থাকবে।’
