খুনের আগের দিন সামিউলকে নিয়ে নাস্তা করেছিল বাক্কু
রাজধানীর আদাবরে খুন হওয়া শিশু সামিউলকে অপহরণের পর কাপ্তানবাজারের একটি হোটেল নিয়ে গিয়ে একসঙ্গে নাস্তা খেয়েছিল শামসুজ্জামান আরিফ বাক্কু, যিনি এই হত্যামামলার প্রধান আসামি।
এই মামলায় রাষ্ট্রপক্ষের ত্রয়োদশ সাক্ষী পুরান ঢাকার ‘হোটেল নিজামের’ ব্যবস্থাপক মো. সোবহান বৃহস্পতিবার আদালতে এই তথ্য জানান।
সামিউল হত্যা: এশা-বাক্কুর বিরুদ্ধে অভিযোগ গঠন
“হত্যার ২/৩ দিন পর বাক্কুকে নিয়ে পুলিশ হোটেলে গেলে আমি তাকে সনাক্ত করি।”
জবানবন্দির পর সোবহানকে জেরা করেন বাক্কুর পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আশরাফ উল আলম।
বিচারক আমিনুল হক আগামী মঙ্গলবার পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন রেখেছেন।
সামিউলের মা আয়েশা হুমায়রা এশাকে এদিন কারাগার থেকে আদালতে হাজির করা হয়। সন্তান হত্যার মামলায় তিনিও আসামি।
আলোচিত এ মামলায় গত ৯ মে তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক কাজী সাহান হকের সাক্ষ্য গ্রহণ শেষ হয়।
২০১০ সালের ২৩ জুন রাতে সামিউলকে তাদের নবোদয় হাউজিংয়ের বাসায় খুন করে লাশ বস্তাবন্দি করে বাসার পাশে ফেলে রাখা হয়।
এ ঘটনায় সামিউলের বাবা কে আর আজম আদাবর থানায় হত্যা ও লাশ গুমের অভিযোগে স্ত্রী এশা এবং তার কথিত প্রেমিক বাক্কুর বিরুদ্ধে মামলা করেন।
২০১১ সালের ২৫ অক্টোবর মামলায় তদন্ত কর্মকর্তা দুই জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। ২০১২ সালের ১ ফেব্রুয়ারি অভিযোগ গঠনের মধ্যে দিয়ে মামলার বিচার শুরু হয়।
ওই বছরের ৭ মার্চ আদালতে বাদীর জবানবন্দি ও জেরা গ্রহণের মধ্য দিয়ে মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়।
বাক্কু হাই কোর্ট থেকে চার সপ্তাহের জামিন পাওয়ার থেকে পলাতক রয়েছে। পরে তার জামিন বাতিল করেছে হাই কোর্ট।
