দীঘিনালায় উচ্ছেদ পাহাড়িদের পুনর্বাসনের সুপারিশ
খাগড়াছড়ির দীঘিনালায় বর্ডার গার্ডের ব্যাটালিয়নের সদর দপ্তর স্থাপনের কারণে উচ্ছেদের শিকার পাহাড়ি পরিবারগুলোকে স্থানীয় জন প্রতিনিধিদের মাধ্যমে পুর্নবাসনের সুপারিশ করেছে সংসদীয় কমিটি।
একইসঙ্গে পার্বত্য এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষায় কোনো স্থাপনা তৈরির আগে পার্বত্য জেলা পরিষদের সঙ্গে আলোচনার পরামর্শ দিয়েছে কমিটি।
বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়।
সংসদীয় কমিটির বৈঠক শেষে কমিটির সদস্য এম. আব্দুল লতিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যে ঘটনা ঘটেছে তা দু:খজনক। কমিটি স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়ে উচ্ছেদ হওয়া পরিবারগুলোকে অন্যত্র পুনর্বাসনের সুপারিশ করেছে।”
তিনি আরো বলেন, “পাহাড়ে অনেক ঘটনা ঘটে, যা সবাই জানতে পারে না। অনেক তুচ্ছ ঘটনায় দুর্ঘটনা ঘটে যায়। সংসদীয় কমিটি এসব ঘটনা রোধে মন্ত্রণালয়কে আরো সজাগ থাকার পরামর্শ দিয়েছে।”
সংসদীয় কমিটি পাহাড়ি-বাঙালি ‘সমস্যা’ মোকাবেলায় জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করারও পরামর্শ দিয়েছে বলে জানান তিনি।
অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযানের পরামর্শ
এদিকে পার্বত্য চট্টগ্রাম এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধারে ‘বিশেষ অভিযান’ চালানোর পরামর্শ দিয়েছে সংসদীয় কমিটি।
কমিটির বৈঠকে পার্বত্য এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, অপহরণ ও বিবাদমান গোষ্ঠিগুলো নিয়ে আলোচনা হয়েছে বলে জানান আবদুল লতিফ।
তিনি বলেন, “সেখানে অনেক অবৈধ অস্ত্র আছে। সেগুলো উদ্ধার করতে হবে। প্রয়োজনে বিশেষ অভিযান চালানো যেতে পারে। তবে এই অভিযানে যেন কোনো নিরীহ মানুষ হয়রানির শিকার না হয় সেদিকে খেয়াল রাখার পরামর্শ দেওয়া হয়েছে বলে তিনি জানান।
এদিকে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পার্বত্য জেলাসমূহের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরতদের সমতলে বদলির পূর্বে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সার্বিক পরিস্থিতি বিবেচনা করার পরামর্শ দেয়া হয়।
এছাড়া বদলি হওয়া ব্যক্তির স্থলে অন্য কাউকে নিয়োগ না দেয়া পর্যন্ত তাকে অবমুক্ত না করার পরামর্শ দেয়া হয়।
কমিটি পার্বত্য এলাকার স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণে শূণ্য পদসমূহ পূরণে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে। এছাড়া পার্বত্য এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শূণ্য পদ পূরণে যথাযথ ব্যবস্থা নেয়ার সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উ শৈ সিং, মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়া, এম আবদুল লতিফ, ঊষাতন তালুকদার এবং ফিরোজা বেগম চিনু অংশ নেন।
