ঈশ্বরদীতে সন্ত্রাসী হামলায় নিহত ১
পাবনার ঈশ্বরদী উপজেলায় গভীর রাতে সন্ত্রাসী হামলায় একজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন তার সঙ্গে থাকা স্থানীয় এক ছাত্রলীগ নেতা।
বৃহস্পতিবার রাত ২টার দিকে সাহাপুর বাজারে এ ঘটনায় এক হামলাকারীকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।
ঈশ্বরদী থানার ওসি বিমান কুমার দাস জানান, সন্ত্রাসী হামলায় নিহত গণি ফকির (৫৫) সাহাপুর গ্রামের বাসিন্দা।
তার সঙ্গী সোহেল রানার (২৮) অবস্থা্ গুরুতর। তাকে উপজেলা স্বাস্থ্যকেন্দ্র থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আটক আব্দুল ওহাব কুপনের (৩৫) বাড়িও একই গ্রামে। তার কাছ থেকে একটি ছোরা পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি বিমান কুমার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গনি ও সোহেল রাতের বেলা পাশের গ্রামে একটি বিয়ের অনুষ্ঠান থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে ওই বাজারের কাছে কুপনসহ কয়েকজন তাদের ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে জখম করে এবং মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যায়।
দুজনের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে ছোরাসহ কুপনকে ধরে ফেলে তারা।
আহত দুজনকে স্বাস্থ্যকেন্দ্রে নেয়া হলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।
পূর্ব শত্রুতার জেরে এ হামলা হতে পারে বলে পুলিশের ধারণা।
