ড্যান্ডি ডায়িংয়ের বিচার্য বিষয়ের ওপর শুনানি ২৫ জুন
ঋণখেলাপির মামলায় ড্যান্ডি ডাইংয়ের অংশীদার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দুই ছেলে তারেক রহমান ও আরাফাত রহমান কোকোসহ ১১ জনের বিরুদ্ধে বিচার্য বিষয়ের (ইস্যু গঠন) ওপর শুনানি হবে ২৫ জুন।
ঢাকার অর্থঋণ আদালত-১ এর বিচারক মোহাম্মদ রবিউজ্জামান বুধবার এ আদেশ দেন।
তারেক-কোকো ছাড়া মামলার অন্য বিবাদীরা হলেন- ড্যান্ডি ডায়িং লিমিটেড, শামস ইস্কান্দার, সাফিন ইস্কান্দার, সুমাইয়া ইস্কান্দার, নাসরিন আহমেদ, তারেক রহমানের বন্ধু গিয়াস উদ্দিন আল মামুন, তার স্ত্রী শাহিনা বেগম, গাজী গালিব আব্দুস সাত্তার, শামসুন নাহার ও মাসুদ হাসান।
গত বছরের ২ অক্টোবর সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয়ের নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম এ মামলা করেন।
মামলায় উল্লেখ করা হয়, ১৯৯২ সালে তিন কোটি টাকা মূলধন নিয়ে যাত্রা শুরু করে ড্যান্ডি ডায়িং লিমিটেড নামের কোম্পানি।
১৯৯৩ সালের ৫ মে সোনালী ব্যাংক থেকে ১৩ কোটি ১৪ লাখ টাকা ঋণ নেন বিবাদীরা। এরপর ১৯৯৬ সালে সাঈদ এস্কান্দারের আবেদনের পরিপ্রেক্ষিতে ব্যাংক কর্তৃপক্ষ পুনরায় ঋণ মঞ্জুর করেন।
২০১০ সালের ৪ এপ্রিল ড্যান্ডি ডায়িংকে দেয়া ঋণের পরিমাণ ৪২ কোটি ৬৯ লাখ ৯৭ হাজার টাকা।
মামলার আরজিতে বলা হয়, ঋণ গ্রহণের প্রথম থেকেই প্রতিষ্ঠানটি খেলাপি হয়ে পড়ে। সোনালী ব্যাংক থেকে বিবাদী প্রতিষ্ঠানকে কিস্তি পরিশোধের জন্য বারবার তাগাদা দিয়েও কোনো সাড়া পাওয়া যায়নি।
এর আগে ২০০১ সালে সোনালী ব্যাংক কর্তৃপক্ষ প্রতিষ্ঠানটির ১২ কোটি ১৬ লাখ টাকার সমপরিমাণ ঋণের সুদ মওকুফ করেছিল।
