২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গুলি-বোমায় আহত যুবলীগ নেতার মৃত্যু

প্রতিপক্ষের গুলি ও বোমায় আহত হওয়ার ২৪ দিন পর যশোর সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের (৩৮) মৃত্যু হয়েছে।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2014, 08:19 PM

Updated : 22 Aug 2022, 06:31 PM

বুধবার বিকালে ঢাকার অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে পুলিশ জানিয়েছে।

গত ২৫মে রাতে যশোর সদরের রাজারহাট চামড়ার বাজারে তিনি বোমা হামলা ও গুলিতে আহত হন। তিনি রাজারহাটের হাজী আজগর আলীর ছেলে ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের সমর্থক।

যশোর কোতোয়ালি মডেল থানার ওসি সহিদুল ইসলাম জানান, ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় বুধবার বিকালে আলমগীরের মৃত্যুর খবর তারা পেয়েছেন।

ওসি জানান, গত ২৫মে রাতে হামলায় গুরুতর আহত হলে তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন সকালে তাকে ঢাকার অ্যাপোলো হাসপাতালে স্থানান্তর করা হয়।

ওই রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে জবানবন্দিতে আলমগীর জানান, আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য খালেদুর রহমান টিটো ও তার ছেলে মাসুক হাসান জয়ের লোকজন হামলা চালিয়েছে।

যশোর সদর উপজেলা যুবলীগের সভাপতি ওয়াহিদুজ্জামান জানিয়েছেন, বিগত উপজেলা পরিষদ নির্বাচনে আলমগীর আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শাহীন চাকলাদারের মোটরসাইকেল প্রতীকের পক্ষে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন।

তার এলাকায় মোটরসাইকেল প্রতীক বিজয়ী হয়। এ নিয়ে সাবেক এমপি খালেদুর রহমান টিটোর ছেলে স্বতন্ত্র প্রার্থী মাসুক হাসান জয় ও তার সমর্থকরা ক্ষিপ্ত ছিল। সেই ধারাবাহিকতায় এ হামলা চালানো হয়।

ওই হামলার ঘটনায় পুলিশ রামনগর এলাকার আব্দুর রহমানের ছেলে সুজনকে আটক করেছে। আটক সুজন ওই হামলায় জড়িত থাকার কথা স্বীকার করে ১৪ জুন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে।