সীতাকুণ্ডে দুই শিপ ইয়ার্ড উচ্ছেদ
আদালতের নির্দেশ অনুযায়ী চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মধ্য সোনাইছড়িতে বন বিভাগের জমিতে গড়ে ওঠা দুটি শিপ ইয়ার্ড সম্পূর্ণ উচ্ছেদ করেছে প্রশাসন।
বুধবার এস কে স্টিল ও এস কে শিপ ব্রেকার নামের শিপ ইয়ার্ড দুটি স্থাপনা উচ্ছেদ করে বনবিভাগের প্রায় ২০ এখর জায়গা মুক্ত করা হয় বলে জানিয়েছেন উপকূলীয় বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এস এম মনিরুল ইসলাম।
অভিযান পরিচালনা করেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহদাত হোসেন। এসময় উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মামুন।
গত ২৪ ফেব্রুয়ারি দুই ইয়ার্ডের আংশিক উচ্ছেদ করা হয়। অবশিষ্ট স্থাপনার বিষয়ে আদালতের নির্দেশনা চেয়ে আবেদন করেছিল বন বিভাগ।
আপিল বিভাগের নির্দেশনা পেয়ে বুধবার বাকি স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়। এরমধ্যে ছিল- একটি গ্যাস সিলিন্ডারের গুদাম, একটি দ্বিতল ভবন, একটি একতলা ভবন, দুটি অয়েল চেম্বার ও পাঁচটি হুইনস মেশিন (জাহাজ টানার যন্ত্র)।
বন কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, “এরমধ্যে ছয় দশমিক ১৮ একর জমিতে বিভিন্ন স্থাপনা ছিল। ১৯৯০ সালে এখানে বনায়ন করা হয়। ২০০৯ সালে শিপ ইয়ার্ড তৈরির সময় এখানকার ২৫ হাজার গাছ কাটা হয়।
“ফেব্রুয়ারিতে প্রায় ৭ হাজার গাছ লাগানো হয়। এখন আরো ২০ হাজার গাছ লাগিয়ে নতুন করে বনায়ন করা হবে।”
উপকূলীয় বনাঞ্চলের গাছ কাটার ঘটনায় বন বিভাগ ২০০৯ সালে মামলা করলে শিপ ইয়ার্ড দুটির মালিকপক্ষ উচ্চ আদালতে যায়। আদালতের স্থগিতাদেশ নিয়ে তারা ওই জমিতে বিভিন্ন স্থাপনা গড়ে তোলে।
গত বছরের ৬ অক্টোবর আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ শিপ ইয়ার্ড দুটি উচ্ছেদ করে সেখানে বনায়নের নির্দেশ দেন। এ বছরের ৩০ জানুয়ারি আদালত উচ্ছেদ প্রতিবেদন দাখিল করতে ফেব্রুয়ারি পর্যন্ত সময় বেঁধে দেয়।
এরপর ২৪ ফেব্রুয়ারি উচ্ছেদ অভিযান শুরু হয়।
মনিরুল ইসলাম বলেন, আদালত সব স্থাপনা উচ্ছেদের নির্দেশ দেয়ায় তা বাস্তবায়ন করা হয়েছে।
