‘বিজিবির নির্যাতনে’ মৃত্যুর ঘটনায় মামলা
পঞ্চগড়ে ভ্রাম্যমাণ আদালতে দণ্ডিত এক বৃদ্ধের মৃত্যুর ঘটনায় বিজিবির কয়েকজন সদস্যের বিরুদ্ধে মামলা হয়েছে।
বুধবার দুপুরে পঞ্চগড়ের মুখ্য বিচারিক হাকিমের আদালতে মামলাটি করা হয়।
বিচারক তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পঞ্চগড় থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।
এ ঘটনায় গত সোমবার (১৬ জুন) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সংবাদ প্রকাশ করে।
মামলায় পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়কসহ (সিও) ছয় জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরো ১০/১২ বিজিবি সদস্যকে আসামি করা হয়।
সোমবার রাতে কারাগার থেকে অসুস্থ্ অবস্থায় হাসপাতালে ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় জহিরুল হক মারা যান।
তিনি পঞ্চগড় সদর উপজেলার গরিণাবাড়ি ইউনিয়নের গাড়িয়ানপাড়া গ্রামের বাসিন্দা।
এ ঘটনায় তার স্বজনরা অভিযোগ করেন, বিজিবি সদস্যদের নির্যাতনে জহিরুলের মৃত্যু হয়েছে।
বাদীর আইনজীবী আজিজার রহমান আজু জানান, বিচারক আবু মনছুর মো. জিয়াউল হক তদন্ত সাপেক্ষে আইননানুগ ব্যবস্থা নিতে থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।
মামলার বিবরণে জানা যায়, গত শনিবার (১৪ জুন) সকালে মিস্ত্রিপাড়া বিজিবি সদস্যরা জহিরুলের বাড়িতে প্রবেশ করে তাকে বেধড়ক মারপিট করে। বাড়ির বাইরে নিয়ে এসে তার বুকে পিঠে এলোপাথাড়ি মারপিট করে।
এসময় ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করতে ভিত্তিহীন অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১৮ মাসের কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠানো হয় বলে অভিযোগে বলা হয়।
সোমবার (১৬ জুন) সকালে গুরুতর অসুস্থ্ অবস্থায় আধুনিক সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তার মৃত্যু হয় বলে জানান।
পঞ্চগড় থানার ওসি হুমায়ুন কবীর বিকালে সাংবাদিকদের বলেন, আদালতের কোনো নির্দেশনা তারা এখনো পাইনি।
পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল হক বলেন, তদন্তেই প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।
