নারায়ণগঞ্জে হোসিয়ারি মার্কেটে আগুন
নারায়ণগঞ্জ নগরীর দেওভোগে আগুনে তিনটি হোসিয়ারি মার্কেটের কারখানা ও দোকান পুড়ে গেছে। তবে আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বুধবার ভোর ৪টার দিকে এই অগ্নিকাণ্ড হয়, ঢাকা ও নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
এতে অর্ধশত কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছে।
জেলা প্রশাসক আনিছুর রহমান মিয়া ও পুলিশ সুপার খন্দকার মহিদ উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এছাড়া এ ঘটনা তদন্তে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাহমুদুর রহমান হাবীবকে প্রধান করে ছয় সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
নারায়ণগঞ্জ সদর থানায় উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক জানান, ভোর ৪টায় দুই নম্বর রেলগেট এলাকায় আগুন লাগলে থানায় জানানো হয়। থানা থেকে খবরদেয়ার পর ফায়ার সার্ভিস এসে আগুন নেভানোর কাজ শুরু করে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শহরের দেওভোগ এলাকার সোহরাওয়ারদী মার্কেটে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। মার্কেটের লোকজন প্রথমে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও ব্যর্থ হয়। এরপর আগুন পাশের ভূইঁয়া মার্কেট ও রহমানিয়া মার্কেটে ছড়িয়ে পড়ে।
নারায়ণগঞ্জ ফায়ার বিগ্রেড ও সিভিল ডিফেন্স এর উপ-পরিচালক এ বি এম মমতাজ উদ্দিন আহমেদ জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে নারায়ণগঞ্জের মন্ডলপাড়া ফায়ার ব্রিগেডের একটি ইউনিট ঘটনাস্থলে আসে।
তিনি বলেন, আটটি ইউনিট সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে পানির অভাবে আগুন নেভাতে বেশ বেগ পেতে হয়।
দেওভোগ পোশাক প্রস্তুতকারক মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেন খান খোকন জানান, সমিতির রেজিস্ট্রারের তথ্য অনুযায়ী সোহরাওয়ারদী মার্কেটে ১৪৪টি দোকান রয়েছে। সব দোকানের বিপুল পরিমাণ মালপত্র, মেশিন, কাঁচামালসহ পুড়ে গেছে।
এছাড়া পাশের দুটি মার্কেটের ছয়টি দোকান পুড়ে গেছে।
ছোট দোকানগুলিতে পঁচিশ থেকে ত্রিশ লাখ টাকার মাল এবং বড় দোকানগুলিতে দুই আড়াই কোটি টাকার মালামাল স্টক করা ছিল বলে দাবি করেন এই ব্যবসায়ী।
আগুনে পুড়ে যাওয়া দীন ইসলাম ট্রেডার্সের মালিক দীন ইসলাম বলেন, দোকানে ত্রিশ লাখ টাকার মেয়েদের জামা স্টক করা ছিল। এছাড়া ছিল জামা তৈরির জন্য কেনা কাপড়, লেস, সুতা, মেশিনসহ অন্যান্য মালামাল। দোকানের ক্যাশে নগদ দুই লাখ টাকা ছিল, তাও পুড়ে গেছে।
আগুনে তার পঁয়ত্রিশ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।
পরিবারের সবাইকে জড়িয়ে রাস্তায় দাঁড়িয়ে কাঁদছিলেন আলী ফ্যাশন্স এর মালিক মোহাম্মদ আলী।
তিনি বলেন, পাঁচ বছর জাপানে থেকে এসে এখানে হোসিয়ারি ব্যবসা শুরু করেছেন। সোহরাওয়ারদী মার্কেটের এক, দুই ও তিন তলার তিনটি দোকানে আড়াই কোটি টাকার মাল মজুদ ছিল। সবই পুড়ে গেছে।
প্রাইম ব্যাংকে দশ লাখ টাকা ঋণ রয়েছে বলে তিনি জানান।
ব্যাংক বা বিভিন্ন এনজিও থেকে নেয়া ঋণেরর সুদ মওকুফ করার দাবিও জানিয়েছে ক্ষতিগ্রস্তরা।
এদিকে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাহমুদুর রহমান হাবীবকে প্রধান করে গঠিত সাত সদস্যের তদন্ত কমিটিকে আগামী সাতদিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
