‘ফরমালিন পরীক্ষার নামে হয়রানি’
ফরমালিন পরীক্ষার নামে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে আম ব্যবসায়ী ও উৎপাদনকারীদের হয়রানি ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করার অভিযোগ করেছেন চাঁপাইনবাবগঞ্জের আমচাষি ও ব্যবসায়ীরা।
এর প্রতিবাদে জেলার আমচাষি ও আম ব্যবসায়ীরা তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছেন।
বুধবার সকালে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডস্ট্রির সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন চেম্বারের সভাপতি আব্দুল ওয়াহেদ।
লিখিত বক্তব্যে তিনি বলেন, এ বছর আম বাজারজাতকরণ শুরুর পর বেশ কয়েকদিন থেকে আমে ফরমালিন মেশানোর অজুহাত তুলে দেশের বিভিন্ন জায়গায় ‘এক শ্রেণির আইন প্রয়োগকারী সংস্থা ও ভ্রাম্যমাণ আদালতের’ নামে আম পরিবহনের সময় ট্রাক ও বাস থেকে আম নামিয়ে নষ্ট করা হচ্ছে।
কোনো কোনো জায়গায় আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা চাপ দিয়ে টাকা আদায় করছে। টাকা দিতে না পারলে অনেক সময় ট্রাক চালকদের শারীরিকভাবে নির্যাতন করছে।
চাঁপাইনবাবগঞ্জ জেলায় কোনো আমচাষি বা আম ব্যবসায়ী আমে ফরমালিন ব্যবহার করেন না বলে দাবি করেন তিনি।
তার দাবি, যে মেশিন দিয়ে এখন ফরমালিন সনাক্ত করা হচ্ছে সেটি আমের ফরমালিন পরীক্ষার জন্য প্রযোজ্য নয়, সেটা মাছ ও অন্যান্য খাদ্যদ্রব্য পরীক্ষা করার জন্য ব্যবহৃত হয়।
চেম্বার সভাপতি ওয়াহেদ আরো বলেন, চাঁপাইনবাবগঞ্জের প্রায় একশত ট্রাক আম দেশের বিভিন্ন স্থানে নষ্ট করা হয়েছে, যার মূল্য কয়েক কোটি টাকা। এছাড়া কয়েকজন আম ব্যবসায়ীর জেলা-জরিমানা করা হয়েছে।
আর্থিক ক্ষতির কারণে ক্ষুদ্র আম ব্যবসায়ীরা নিঃস হয়ে পথে বসেছেন বলে দাবি করেন তিনি।
বর্তমানে জেলার কয়েকশ কোটি টাকার আম বাজারজাতকরণ হুমকির মধ্যে পড়েছে বলেও মনে করেন তিনি।
তিনি বলেন, সারাদেশে উৎপাদিত মোট আমের অর্ধেকই চাঁপাইনবাবগঞ্জে উৎপাদিত হয় এবং আট থেকে দশ লক্ষ মানুষ কোনো না কোনোভাবে এ পেশার সঙ্গে জড়িত।
হয়রানি বন্ধ না হলে আম ব্যবসা হুমকির মধ্যে পড়বে এবং বেকার হয়ে যাবে জেলার কয়েক লাখ মানুষ।
সংবাদ সম্মেলনে তিন দিনের কর্মসূচিও ঘোষণা করা হয়।
আমচাষি ও ব্যবসায়ীদের কর্মসূচী
তাদের কর্মসূচির মধ্যে রয়েছে বৃহস্পতিবার জেলার সকল আম বাগানে আম পাড়া বন্ধ করে চাঁপাইনবাবগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান।
শুক্র ও শনিবারের মধ্যে হয়রানি, আম নষ্টকরণ ও চাঁদাবজি বন্ধ না হলে ২২ জুন রোববার জেলায় সকাল-সন্ধ্যা হরতাল।
এরপরেও দাবি মানা না হলে কঠোর কর্মসূচির হুমকি দেয় জেলার আমচাষি ও আম ব্যবসায়ীরা।
সংবাদ সম্মেলনে জেলার আমচাষি ও ব্যবসায়ীদের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
