ফিরে গেল অবৈধ পথে আসা ভারতীয় তরুণী
ভারত থেকে অবৈধ পথে আসা এক তরুণীকে ফেরত দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি জানায়, বুধবার সকালে দৌলতপুর উপজেলার জামালপুর সীমান্তে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের মাধ্যমে শেফালী খাতুনকে (২৬) ফেরত দেয়া হয়।
মহিষকুন্ডি বিজিবির কোম্পানি কমান্ডার আব্দুল ওহাব জানান, শেফালী ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার হোগলবাড়িয়া থানার গোপালপুর গ্রামের মুজাম্মেল হকের মেয়ে।
বাংলাদেশের নাটোরের লালপুর উপজেলার কচুয়া গ্রামের এক যুবকের সঙ্গে সম্পর্ক হওয়ায় তিনি গত বৃহস্পতিবার অবৈধভাবে সীমানা অতিক্রম করে বাংলাদেশে চলে আসেন।
বিজিবির কমান্ডার আরো জানান, শেফালীর বাবা তার এক আত্মীয়ের মাধ্যমে মেয়ের খোঁজ নেন এবং তার মাধ্যমেই বিষয়টি বিজিবিকে জানান।
গত মঙ্গলবার বিজিবি নাটোরের কচুয়া গ্রাম থেকে শেফালীকে উদ্ধার করে মহিষকুন্ডি বিজিবির কাছে হস্তান্তর করে।
বিজিবি ও বিএওসএফের পতাকা বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন ৩২ ব্যাটালিয়নের অধীনস্থ মহিষকুন্ডি বিজিবির কোম্পানি কমান্ডার আব্দুল ওহাব এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পক্ষে নেতৃত্ব দেন ৮৫ বিএসএফ কমান্ডেন্ট অধীনস্থ মেঘনা কোম্পানি কমান্ডর এসি রাজকুমার।
