২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একরাম হত্যায় রায়হানের জবানবন্দি

ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হক একরাম হত্যায় আজমীর হোসেন রায়হান (২১) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2014, 10:06 PM

Updated : 22 Aug 2022, 06:30 PM

মঙ্গলবার রাতে বিচারক খাইরুল আমিনের কাছে তিনি এ জবানবন্দি দেন বলে পুলিশ জানিয়েছে।

ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) ও মামলার তদন্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, বিকালে আজমীর হোসেন রায়হানকে বিচারক খাইরুল আমিনের আদালতে হাজির করা হয়, রাতে একরাম হত্যায় তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

তিনি বলেন, মঙ্গলবার দুপুরে শহরের একাডেমি এলাকা থেকে একরাম হত্যার ঘটনায় ‘সরাসরি জড়িত’ থাকার অভিযোগে আজমীর হোসেন রায়হানকে গ্রেপ্তার করে পুলিশ।

রায়হান ফেনী সদর উপজেলার পশ্চিম সোনাপুর গ্রামের আবদুল মোতালেবের ছেলে। তিনি ফেনী সদর হাসপাতাল রোড এলাকায় একটি বাসায় থাকেন। স্থানীয়ভাবে তিনি যুবলীগকর্মী হিসেবে পরিচিত।

এর আগে বিকালে আসামি আরমান হোসেন কাওসার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

এনিয়ে পুলিশ ও র‌্যাব একরাম হত্যার ঘটনায় ২৭ জনকে গ্রেপ্তার করেছে। একরাম হত্যায় এ পর্যন্ত ১৫ জন স্বীকারোক্তিমূলক ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।

গত ২০ মে ফেনী শহরের একাডেমি এলাকার বিলাসী সিনেমা হলের সামনে প্রকাশ্যে ফুলগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি একরামুল হককে গুলি করে, কুপিয়ে ও গাড়িসহ পুড়িয়ে হত্যা করে দুর্বৃত্তরা।