শ্রমিকদের পিটুনিতে কারখানার কর্মচারী নিহত
সাভারে অসন্তোষের কারণে বন্ধ করে দেওয়া সোয়েটার কারখানার এক কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে শ্রমিকরা।
মঙ্গলবার সাভার পৌর এলাকার আনন্দপুরে ডাইনামিক সোয়েটার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নিহত শাহজাহান স্বপন (৩৫) কারখানাটির নমুনা সুপারভাইজার।
পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ১০ জন শ্রমিককে আটক করেছে।
সাভার মডেল থানার ওসি মোস্তফা কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে শ্রমিকরা কারখানার সামনে এসে গেটে বন্ধের নোটিশ দেখে বিক্ষোভ করতে চাইলে পুলিশ তাদের সরিয়ে দেয়। পরে শ্রমিকরা নামাগেন্ডায় একটি মাঠে জড়ো হলে সেখানে পুলিশের সঙ্গে শ্রমিকদের ধস্তাধস্তি হয়।
এদিকে শ্রমিকদের অপর অংশ আনন্দপুর এলাকায় মালিকপক্ষের লোক কারখানা সুপারভাইজার স্বপনের ভাড়া বাড়িতে যায়। বাড়ির সামনে আনন্দপুর মাদ্রাসার কাছে তাকে মারধর ও ইট দিয়ে মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ওসি আরো জানান, দুপুরে ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহতের স্ত্রী মাহফুজা আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কয়েক শ শ্রমিক স্বপনকে পিটিয়ে ও মাথায় ইট দিয়ে থেতলিয়ে হত্যা করেছে। তিনি দৌড়ে বাড়ি থেকে বোরিয়েও স্বামীকে রক্ষা করতে পারেননি।
তবে কী কারণে তার স্বামীকে হত্যা করা হয়েছে তা তিনি জানাতে পারেননি।
স্বপন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মোরালস্কুল এলাকার প্রয়াত সিরাজ মিয়ার ছেলে। পরিবার নিয়ে আনন্দপুর এলাকায় ভাড়া বাড়িতে ভাড়া থাকতেন।
তাদের সানজিদা আক্তার স্বপ্না (১৪) ও মিনহাজুল ইসলাম সাইম (৭) নামে দুটি সন্তান রয়েছে।
ডাইনামিক সোয়েটার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক আজম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবারের শ্রমিক অসন্তোষের কারণে আজ (মঙ্গলবার) থেকে কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে নোটিশ টানিয়ে দেয়া হয়েছে।
মজুরি (পিচ রেট) বৃদ্ধির দাবিতে সোমবার আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে মালিকপক্ষে কর্মকর্তাদের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়। ক্ষুব্ধ শ্রমিকরা কারখানার ভিতরে ব্যাপক ভাংচুর করে। পরে পুলিশ লাঠিপেটা করে বিক্ষুব্ধ শ্রমিকদের সরিয়ে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
