২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে স্কুলছাত্রকে গলা কেটে হত্যা

নিখোঁজের দুদিন পর মাদারীপুরে আড়িয়াল খাঁ নদের পাড় থেকে এক স্কুলছাত্রের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2014, 03:01 PM

Updated : 22 Aug 2022, 06:31 PM

মঙ্গলবার দুপুরে মহিষেরচর এলাকা থেকে নুর মোহাম্মদ সুজনের (১৩) লাশ উদ্ধার করা হয়।

সুজন জেলা শহরের আলহাজ্ব আমিনউদ্দিন হাই স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র ও জনতা ব্যাংক কর্মকর্তা ইব্রাহিম খলিল ভূইয়ার ছেলে।

মাদারীপুরের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবু বক্কর সিদ্দিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার সন্ধ্যা থেকে সুজন নিখোঁজ ছিল।

তিনি বলেন, সকাল ১১টার দিকে আড়িয়াল খাঁর পাড়ে এক কৃষক ঘাস কাটতে গিয়ে সুজনের মৃতদেহ দেখতে পান। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে দুপুরে তার লাশ উদ্ধার করা হয়।

লাশ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সুজনের মামা শহিদ বলেন, “চিকিৎসা করাতে সুজনের মা ও বাবা ঢাকায় রয়েছেন। এ সুযোগে কেউ পূর্ব পরিকল্পনা অনুযায়ী তাকে হত্যা করে থাকতে পারে।”

এএসপি আবু বক্কর সিদ্দিক বলেন, কে বা কারা কেন সুজনকে হত্যা করেছে তা এখনও জানা যায়নি।