২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিল্কী হত্যা মামলা পুনঃতদন্তের নির্দেশ

যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক রিয়াজুল হক খান মিল্কী হত্যা মামলা নতুন করে তদন্তের নির্দেশ দিয়েছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2014, 02:33 PM

Updated : 22 Aug 2022, 06:31 PM

মামলার অভিযোগপত্রে বাদীর করা নারাজি আবেদনের ওপর শুনানি করে মঙ্গলবার এই আদেশ দেন মহানগর হাকিম তারেক মঈনুল ইসলাম ভূইয়া।

বাদীপক্ষের আইনজীবী আবদুল্লাহ মনসুর রিপন জানান, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) এএসপির নিচে নন- এমন পদমর্যাদার কর্মকর্তার মাধ্যমে মামলা পুনরায় তদন্ত করে আগামী ১০ অগাস্টের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন বিচারক।

এদিন আদালতে উপস্থিত ছিলেন মামলার বাদী নিহত মিল্কীর ভাই রাশেদুল হক খান।

তিনি নিজে এবং তার আইনজীবীরা আদালতে মামলার পুনঃতদন্ত চাওয়ার কারণ ব্যাখ্যা করেন।

বাদীপক্ষের আরেক আইনজীবী শাহজামান ফিরোজ তুহিনও আদালতে উপস্থিত ছিলেন।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

হত্যা মামলার মূল সাত আসামিকে বাদ দেয়া হয়েছে- এমন দাবি তুলে র‌্যাবের দেয়া অভিযোগপত্রের বিরুদ্ধে গত ৬ জুন আইনজীবীর মাধ্যমে নারাজি আবেদন দেন মেজর রাশেদ। 

মেজর রাশেদ নারাজি আবেদনে অভিযোগপত্র থেকে বাদ দেয়া আসামিদের নাম উল্লেখ করে তাদের বিরুদ্ধে সিআইডির মাধ্যমে তদন্তও চান।

জাহিদুল ইসলাম টিপু, ওয়াহিদুল আলম আরিফ, আহকাম উল্লাহ, আমিনুল এহসান বাবু ওরফে টমেটো বাবু ওরফে ডিশ বাবু, মাহবুবুল হক হিরক, এনামুল হক ও মাসুম উদ্দিন আহমেদের বিষয়ে সিআইডির মাধ্যমে অতিরিক্ত তদন্ত করে তাদের নাম অভিযোগপত্রে যুক্ত করার আবেদন করেন বাদী।

গত বছর ২৯ জুলাই গুলশানে শপার্স ওয়ার্ল্ড নামে একটি বিপণিবিতানের সামনে খুন হন রিয়াজুল হক খান মিল্কী। মাথায় পিস্তল ঠেকিয়ে তাকে গুলি করা হয়।

ওই বিপণিবিতানের ক্লোজড সার্কিট ক্যামেরায় ধারণ করা ভিডিওচিত্র দেখে ‘মূল’ হত্যাকারী হিসেবে যুবলীগ নেতা এইচ এম জাহিদ সিদ্দিক তারেককে চিহ্নিত করে আইনশৃঙ্খলা বাহিনী।

তারেক গ্রেপ্তার হওয়ার পর খিলক্ষেতে র‌্যাবের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন বলে দাবি করা হয়।

মিল্কী হত্যার ঘটনায় গুলশান থানায় একটি মামলা করেন তার ভাই মেজর রাশিদুল হক খান। এতে তারেকসহ ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরো কয়েকজনকে আসামি করা হয়।

গত ১৫ এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা র‌্যাব-১ এর সহকারী পুলিশ সুপার মো. কাজেমুর রশীদ ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে ১২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন।