নিউ ইয়র্কে রাষ্ট্রপতি
বলিভিয়া থেকে নিউ ইয়র্ক পৌঁছেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।
স্থানীয় সময় সোমবার দুপুরে জন এফ কেনেডি এয়ারপোর্টে পৌঁছালে তাকে স্বাগত জানান জাতিসংঘে বাংলাদেশের উপ-স্থায়ী প্রতিনিধি মোস্তাফিজুর রহমান, কনসাল জেনারেল শামীম আহসান প্রমুখ।
ফাইল ছবি
নিউ ইয়র্ক অবস্থানকালে প্রবাসীদের দুটি সমাবেশে বক্তব্য দেবেন রাষ্ট্রপতি। এছাড়া বৃহস্পতিবার জাতিসংঘ মহাসচিব বান কি-মুনের সঙ্গে একান্ত বৈঠক করবেন তিনি।
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এ কে এ মোমেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জাতিসংঘ মহাসচিবের সঙ্গে ওই বৈঠক সৌজন্যমূলক হলেও বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি গুরুত্ব পাবে। বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে সুসংহত করতে শেখ হাসিনার নেতৃত্বে চলমান কার্যক্রম এবং উন্নয়ন প্রকল্পে জাতিসংঘের সহায়তা বৃদ্ধি স্থান পাবে আলোচনায়।”
