২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে শিবিরের হরতাল

সংগঠনের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার এক নেতার পায়ের রগ কাটার প্রতিবাদে রাজশাহীসহ তিন জেলায় হরতাল পালন করছে ছাত্রশিবির।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2014, 10:32 AM

Updated : 22 Aug 2022, 06:31 PM

মঙ্গলবার সকাল ৬টা থেকে বেলা ২টা পর্যন্ত এ কর্মসূচি পালনের কথা থাকলেও পিকেটারদের তেমন উপস্থিতি দেখা যায়নি।

রাজশাহী ছাড়া হরতালের আওতাধীন অপর দুই জেলা হলো- চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর।

রাজশাহীর মতিহার থানার ওসি আলমগীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হরতালের জানসাধারণের নিরাপত্তার জন্য ভোর থেকেই নগরীর বিভিন্ন পয়েন্টে পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশের কঠোর অবস্থানে হরতাল সমর্থকরা মাঠে নামতে পারেনি, কোথাও কোন সহিংসতারও খবর পাওয়া যায়নি।

শিক্ষা ও ব্যবসা প্রতিষ্ঠানসহ কোন কিছুতেই হরতালের প্রভাব পড়েনি। স্বাভাবিক রয়েছে অভ্যন্তরীণ যান চলাচল।

সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ে শহীদুল্লাহ কলা ভবনের ভেতর শিবির বিশ্ববিদ্যালয় শাখার নবাব আব্দুল লতিফ হলের সাধারণ সম্পাদক রাসেল আলমের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। তারা তার ডান পায়ের রগ কেটে গোড়ালি থেকে বিচ্ছিন্ন করে দেয়, ডান হাতের রগ কেটে দেয় এবং দুই পায়ের হাঁটুর উপরে গুলি করে পালিয়ে যায়।

ওই ঘটনায় শিবিরের পক্ষ থেকে ছাত্রলীগের জড়িত থাকার অভিযোগ তোলা হয়। প্রতিবাদে সোমবার সন্ধ্যার দিকে শিবিরের প্রচার সম্পাদক ফরহাদ রেজার পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে আধাবেলা হরতালের ঘোষণা দেয়া হয়।

এর পরপরই সোমবার রাতে নিউমার্কেট, আরডিএ মার্কেট, অক্ট্রোয়মোড়ে হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল বের করে ছাত্রশিবির। এসব মিছিল থেকে বেশ কিছু অটোরিকশা ভাংচুরের ঘটনাও ঘটে।

পরে রাতেই বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ছয় শিবিরকর্মীকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন ওসি আলমগীর।

তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে জানিয়ে এই পুলিশ কর্মকর্তা আরো বলেন, সোমবার বিকেলের দিকে আটক শিবিরের মানবসম্পদ বিষয়ক সম্পাদক জিয়াউদ্দিন বাবলু ওরফে হাসিবুর রহমান হাসিবকে জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার আদালতে হাজির করা হবে।

পুরনো খবর:

রাবিতে এবার শিবির নেতার পা কর্তন