বয়স্ক ভাতার দীর্ঘ লাইনে দাঁড়িয়ে মৃত্যু
ফেনীতে বয়স্ক ভাতা নিতে গিয়ে সাড়ে পাঁচ ঘণ্টা ধরে লাইনে দাঁড়ানো অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
নিহত কবির আহম্মদ (৬৫) সদর উপজেলার কাজিরবাগ ইউনিয়নের কাজিরবাগ গ্রামের জানবক্স ভূঁঞা বাড়ির আবদুল মালেকের ছেলে।
সোমবার বিকালের সদর উপজেলা পরিষদ কম্পাউন্ডের সোনালী ব্যাংক পুরান রানীরহাট শাখার সামনে তার মৃত্যু ঘটে।
কাজীরবাগ ইউনিয়নের চেয়ারম্যান জসিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দীর্ঘ সময় গরমের মধ্যে লাইনে দাঁড়িয়ে থেকে বৃদ্ধ কবির আহম্মদ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। খবর পেয়ে আমি তার লাশ ব্যাংকের সামনে থেকে তার বাড়িতে পোঁছে দেই।”
প্রতিমাসে ৩০০ টাকা করে তিন মাসের বয়স্ক ভাতার (জানুয়ারি থেকে মার্চ ) জন্য ব্যাংকের নিচে সকাল ১০টায় লাইনে দাঁড়ান বৃদ্ধ কবির আহম্মদ।
নাম প্রকাশে অনিচ্ছুক বয়স্ক ভাতাপ্রাপ্ত কয়েকজন বলেন, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা তাদের অন্যান্য কাজ শেষ করে ভাতা দেয়া শুরু করেন। দেরি দেখে কবির আহম্মদ তাগাদা দিতে কয়েকবার ব্যাংকের দোতলায়ও ওঠেছিলেন।
বেলা ৩টার দিকে নিজের কাজে ব্যাংকে গিয়ে দেখেন তখনো শতাধিক বৃদ্ধকে ভাতার জন্য লাইনে দাঁড়ানো অবস্থায় দেখেছিলেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান আবদুল লতিফ নামে একজন মেডিকেল অ্যাসিসট্যান্ট।
বৃদ্ধ কবির আহম্মদ এক পর্যায়ে দাঁড়িয়ে থাকতে না পেরে ব্যাংকের নিচে মফিজুর রহমানের চা দোকানে বসে পড়েন এবং এক পর্যায়ে সেখানেই মারা যান তিনি।
চা দোকানি মফিজুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনি কবির আহম্মদকে সকাল ১০টা থেকে ভাতার জন্য অপেক্ষা করতে দেখেছেন।
বয়স্ক ভাতা বিলির দায়িত্বে থাকা ব্যাংকের কর্মকর্তা আবদুস ছাত্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার সারাদিনে মোট ১৭৫ জনকে বয়স্ক ভাতা দিয়েছেন তারা।
বিকাল ৩টায় শতাধিক লোক লাইনে দাঁড়িয়ে ছিল বলে জানানো হলে তা অস্বীকার করে তিনি বলেন,“তখন অল্প কয়েক জন লাইনে দাঁড়ানো ছিল।”
ব্যাংক ব্যবস্থাপক নৃপেন্দ্র নারায়ণ চত্রবর্তী বলেন,“ঘটনার সময় আমি দুপুরের খাবার খেতে গিয়েছিলাম।”
কবির আহম্মদের পাওনা ৯০০ টাকা ওই ইউনিয়ন চেয়ারম্যান জসিম উদ্দিনের কাছে বুঝিয়ে দিয়েছেন বলে জানান তিনি।
