ছেলের বিরুদ্ধে মারধরের অভিযোগে মামলা মায়ের
নেশার টাকার জন্য মারধর করার অভিযোগ এনে আদালতে নিজের ছেলের বিরুদ্ধে মামলা করেছেন এক নারী।
মামলা গ্রহণ করে আদালত আসামি শওকত আলীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
আদালতের বেঞ্চ সহকারী নূর-এ-হুদা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নেশার টাকার জন্য মাকে মারধরের অভিযোগে মামলাটি করা হয়। আদালত ছেলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।
মামলায় বলা হয়, শওকত দীর্ঘদিন ধরে মাদকাসক্ত।
বাদীর আইনজীবী সাইদুল ইসলাম স্বপন বলেন, গত রোববার নগরীর ফিরিঙ্গি বাজার এলাকার বাসা থেকে বের হন গোলতাজ বেগম।
“এসময় ছেলে শওকত টাকার জন্য তার পথরোধ করে। পরে রিকশা থেকে নামিয়ে মাকে মারধর করে। এসব কথা বলার সময় গোলতাজ শুধু কাঁদছিলেন। ঘটনাটি খুব দুঃখজনক।”
