ফটো সাংবাদিক জহিরুল হকের প্রতি শেষ শ্রদ্ধা
জাতীয় প্রেস ক্লাবে প্রবীণ ফটো সাংবাদিক প্রয়াত জহিরুল হকের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন সাংবাদিকরা।
সোমবার সন্ধ্যায় ক্লাব প্রাঙ্গণে তার মরদেহ নিয়ে আসার পর সাংবাদিক-রাজনীতিবিদসহ পেশাজীবী নেতারা ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
জাতীয় প্রেস ক্লাবের জানাজা শেষে জহিরুল হকের মরদেহ নারায়ণগঞ্জে নিয়ে যাওয়া হয়।
তার ছেলে হাসিব জহির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাদ এশা নারায়ণগঞ্জের বন্দর থানার নবীগঞ্জের গ্রামে জানাজা শেষে স্থানীয় কবর স্থানে বাবাকে দাফন করা হবে।”
রোববার দিল্লীর এইচবিএস ইন্সটিটিউট অব লিভার অ্যান্ড বিলিয়ারি সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জহিরুল হক। তিনি দীর্ঘদিন লিভার সিরোসিস রোগে ভুগছিলেন। মৃত্যুকালে বয়স হয়েছিলো ৭১ বছর।
দিল্লীর হযরত নিজামউদ্দিন আউলিয়ার মাজার মসজিদে প্রয়াত আলোকচিত্রী ও সাংবাদিকের প্রথম জানাজা হয়।
এরপর জাতীয় প্রেস ক্লাবের দ্বিতীয় নামাজে জানাজা হয়। এতে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সুবহান চৌধুরী, বিএনপির যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু, তথ্য ও গবেষণা সহ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সাংসদ হাজী সেলিম উপস্থিত ছিলেন।
এছাড়া জানাজায় রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসস‘র প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, সংবাদ সম্পাদক আলতামাশ কবির, জ্যেষ্ঠ সাংবাাদিকদের মধ্যে তাজুল ইসলাম, শাহজাহান মিয়া, রুহুল আমিন গাজী, আলতাফ মাহমুদ, আবদুল জলিল ভুঁইয়া, জাহাঙ্গীর আলম, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ, সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ প্রমূখ সাংবাদিকরা অংশ নেন।
প্রবীন আলোকচিত্র সাংবাদিকদের মধ্যে মনোয়ার আহমদ, মুহাম্মদ কামরুজ্জামান, ওয়াসে আনসারী, জালাল উদ্দিন হায়দার, রফিকুর রহমান, নুরউদ্দিন আহমেদ নুরু, লুৎফর রহমান বেনু, জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে এম মহসিন, সাধারণ সম্পাদক মীর আহম্মেদ মীরু প্রমূখ ছিলেন।
জানাজার পর প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পুস্পস্তবক অপর্ণ করেন তথ্য উপদেষ্টা ইকবাল সুবহান চৌধুরী।
এরপর ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের দুই অংশ, জাতীয় প্রেস ক্লাব, জাতীয় প্রেস ক্লাব কর্মচারী ইউনিয়ন, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, ফটো জানালিস্ট ফোরাম, সংবাদসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে প্রয়াত সাংবাদিকের কফিনে ফুল দেয়া হয়।
মৃত্যুর আগ পর্যন্ত জহিরুল হক কলকাতার আজকাল পত্রিকার বাংলাদেশ প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। তিনি দৈনিক আজাদ, বাংলাদেশ অবজারভার, বাংলার বাণী, বাংলাদেশ টাইমস পত্রিকায় কাজ করেছেন।
দৈনিক জনকন্ঠের ফটো এডিটর ও বাংলাদেশ টাইমস এর চিফ ফটোগ্রাফার ছিলেন জহিরুল হক।
ব্যক্তিগত জীবনে এক ছেলে দুই মেয়ে রেখে গেছেন তিনি।
